সোনিয়ার আত্মজীবনী: প্রেম, ক্ষমতা ও ইতিহাসের দায় 

চিররঞ্জন সরকার
১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০

রাজনীতিবিদরা যখন নিজের জীবনকথা লেখেন, তখন তা শুধু ব্যক্তিগত স্মৃতিচারণে সীমাবদ্ধ থাকে না। তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে রাষ্ট্র, ক্ষমতা, আন্দোলন, সিদ্ধান্ত ও ইতিহাসের নানা বাঁক। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থেকেছেন, তাঁদের আত্মজীবনী একটি সময়কে বোঝার গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে। ভারতের সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ তেমনই একটি বই। উপমহাদেশের রাজনীতি ও ইতিহাসের পাঠকদের জন্য বইটির বিশেষ গুরুত্ব রয়েছে।

বইটির শিরোনামেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোথায় একজন মানুষের আপন ঠিকানা? ইতালির ছোট শহরে বেড়ে ওঠা সোনিয়া মাইনো ১৯৬৫ সালে কেমব্রিজে রাজীব গান্ধীর প্রেমে পড়েন। ১৯৬৮ সালে বিয়ে করে আসেন ভারতে। বাবা তাঁকে একটি ফেরার টিকিট দিয়েছিলেন। নতুন দেশ ভালো না লাগলে ফিরে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সোনিয়া আর ফেরেননি।

সময়ের সঙ্গে ভারত হয়ে ওঠে তাঁর পরিবার, সন্তান, স্মৃতি, শোক ও রাজনৈতিক জীবনের দেশ। বিদেশ থেকে আসা এক তরুণীর ভারতীয় সমাজে নিজের জায়গা খুঁজে নেওয়ার গল্পই বইটির অন্যতম প্রধান আকর্ষণ।

আত্মজীবনীর সবচেয়ে মর্মস্পর্শী অংশ রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের স্মৃতি। ১৯৯১ সালের ২১ মে শ্রীপেরুমবুদুরে আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব। তাঁর ব্যবহৃত ব্যাগ পরে বাড়িতে ফিরে আসে। সোনিয়া ব্যাগ খুলে দেখেন— তার মধ্যে রয়েছে পোশাক, প্রসাধনসামগ্রী, রেডিও, চিরুনি ও নানা ব্যক্তিগত জিনিস। একটি গোপন খোপে রাখা ছিল পুরোনো পারিবারিক ছবি। কেমব্রিজে প্রেমের প্রথম দিনের ছবি। সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার বেড়ে ওঠার ছবি। ইন্দিরা ও সঞ্জয়ের ছবিও ছিল সেখানে। ছোট ছোট ছবিতে যেন ফিরে এসেছিল একটি গোটা সংসার। অথচ সেই সংসারের মানুষটি আর কোনো দিন ফিরবেন না।

রাজীবের পোশাকের মধ্যে পরিচিত গন্ধ খুঁজে ফেরার কথাও লিখেছেন সোনিয়া। এই বর্ণনায় কোনো প্রধানমন্ত্রী নেই, কোনো রাজনৈতিক উত্তরাধিকারী নেই। আছেন একজন স্ত্রী— যিনি হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরতে চাইছেন। রাজীবের শেষ সফরে তাঁর সঙ্গে না যাওয়ার অনুশোচনাও সোনিয়া প্রকাশ করেছেন। যাওয়ার আগে রাজীব বলেছিলেন, দুদিন পরই ফিরবেন। গাড়িতে ওঠার আগে ফিরে তাকিয়ে হাসি দিয়েছিলেন। সেই হাসিই হয়ে আছে শেষ স্মৃতি। ইতিহাসের বড় ঘটনা ব্যক্তিজীবনে কত দীর্ঘ ক্ষত তৈরি করে, এই বিবরণ তারই সাক্ষ্য।

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের স্মৃতিও বইয়ে এসেছে। গুলিবিদ্ধ শাশুড়িকে হাসপাতালে নেওয়ার অভিজ্ঞতা ছিল ভয়াবহ। সোনিয়া ইন্দিরাকে শুধু একজন প্রধানমন্ত্রী হিসেবে দেখেননি। দেখেছেন একজন মানুষ হিসেবে। তাঁর মধ্যে ছিল কঠোর শাসকের বৈশিষ্ট্য। আবার ছিল স্নেহশীল মা ও শাশুড়ির কোমল রূপ। জরুরি অবস্থার সিদ্ধান্ত ও রাজনৈতিক ভুলের কথাও তিনি উল্লেখ করেছেন। একইসঙ্গে তুলে ধরেছেন ইন্দিরার ব্যক্তিগত জীবনের নানা মানবিক দিক। এই বর্ণনা ইতিহাসের পরিচিত চরিত্রটিকে নতুনভাবে দেখতে সাহায্য করে।

রাজনীতিতে সোনিয়ার প্রবেশ ছিল অনিচ্ছা ও দ্বিধায় ভরা। রাজীবের মৃত্যুর পর তিনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। পরে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। ২০০৪ সালের নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে পরাজিত করার পথ তৈরি করেন। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ জোটের সমর্থন থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হতে রাজি হননি। তাঁর জায়গায় প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। এই সিদ্ধান্ত নিয়ে বহু আলোচনা হয়েছে। কেউ একে রাজনৈতিক কৌশল বলেছেন। কেউ দেখেছেন আত্মসংযমের উদাহরণ হিসেবে। সোনিয়া বইয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন। তবে ঘটনাটির পূর্ণ মূল্যায়নের জন্য তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও জোটের সমীকরণও বিবেচনায় নিতে হবে।

সোনিয়ার নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল জোট গড়ার দক্ষতা। ভারতের মতো বহুভাষিক ও বহু ধর্মের দেশে জোটের রাজনীতি সহজ নয়। আঞ্চলিক দলগুলোর স্বার্থ, মতাদর্শ ও রাজনৈতিক অবস্থানের মধ্যে সমন্বয় করতে হয়। ২০০৪ ও ২০০৯ সালে ইউপিএ’র সাফল্যে সোনিয়ার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর নেতৃত্বে গঠিত জাতীয় উপদেষ্টা পরিষদ এবং ইউপিএ আমলের কয়েকটি অধিকারভিত্তিক আইন ভারতের সামাজিক নীতিতে প্রভাব ফেলেছে। তথ্য অধিকার আইন, গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন ও খাদ্য সুরক্ষা আইন তার উল্লেখযোগ্য উদাহরণ। তবে এসব অর্জনকে শুধু একজন ব্যক্তির কৃতিত্ব বলা যাবে না। সংসদ, নাগরিক সমাজ, আন্দোলনকারী সংগঠন, প্রশাসন ও জোটসঙ্গীদেরও ভূমিকা ছিল।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও সোনিয়া গান্ধীর রাজনৈতিক জীবনের একটি যোগসূত্র রয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে ভারতের কংগ্রেসের সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে সোনিয়ার নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছিল। ২০১০ সালে শেখ হাসিনার ভারত সফর এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ সেই সম্পর্কের উল্লেখযোগ্য অধ্যায়। আওয়ামী লীগ সরকারের সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক বোঝাপড়া ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছে। তবে রাষ্ট্রীয় সম্পর্ক কখনো শুধু দুই নেত্রী বা দুই দলের ব্যক্তিগত ঘনিষ্ঠতার ওপর নির্ভর করে না। এর সঙ্গে জড়িয়ে থাকে ভূরাজনীতি, অর্থনীতি, সীমান্ত, পানি বণ্টন ও জনগণের স্বার্থ। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই সম্পর্কের অতীত ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।

সোনিয়ার আত্মজীবনী পড়তে গিয়ে তাই বাংলাদেশের পাঠকদের মনে প্রশ্ন জাগতে পারে, প্রতিবেশী দেশের রাজনৈতিক নেতৃত্ব ও ক্ষমতার পালাবদল সম্পর্কে ভারতের কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী? ভারত কি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে বেশি গুরুত্ব দিয়েছে, নাকি রাষ্ট্রীয় স্বার্থই ছিল প্রধান বিবেচনা? তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে সোনিয়ার বইয়ের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক ইতিহাসও পাঠ করা প্রয়োজন।

বইটিতে ভারতের সমসাময়িক রাজনীতির অনেক পরিচিত চরিত্র উঠে এসেছে। প্রণব মুখোপাধ্যায়, মনমোহন সিং, মানেকা গান্ধী ও নরেন্দ্র মোদির প্রসঙ্গ রয়েছে। কোথাও প্রশংসা, কোথাও সমালোচনা, কোথাও ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা। প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কথা লিখেছেন। আবার তাঁর জ্ঞান ও প্রশাসনিক দক্ষতারও প্রশংসা করেছেন। মানেকা গান্ধীর সঙ্গে পারিবারিক দূরত্বের কথা বলেছেন। কিন্তু ছোটবেলার কিছু সুন্দর স্মৃতিও তুলে ধরেছেন।

এসব বিবরণে বোঝা যায়, রাজনৈতিক বিরোধ বা পারিবারিক দূরত্ব সব সময় অতীতের কোমল স্মৃতিকে মুছে দিতে পারে না। নরেন্দ্র মোদি সরকারের নীতি ও রাজনৈতিক আচরণ নিয়েও সোনিয়া প্রশ্ন তুলেছেন। গালওয়ানে চীনের অনুপ্রবেশ, নেহরুর সমালোচনা, সাম্প্রদায়িক সংঘাত এবং সংখ্যালঘুদের অবস্থান নিয়ে তাঁর বক্তব্য রয়েছে। তবে তিনি কিছু ক্ষেত্রে মোদি সরকারের ডিজিটাল পরিকাঠামো বিস্তারের প্রশংসাও করেছেন। এই দিকটি গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক প্রতিপক্ষের সব কাজকে অস্বীকার না করে নির্দিষ্ট বিষয়ে মত প্রকাশ করা গণতান্ত্রিক বিতর্কের একটি স্বাভাবিক চর্চা।

বইটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো সোনিয়ার নিজের পরিচয় নিয়ে লড়াই। বিদেশে জন্মের কারণে দীর্ঘদিন তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কংগ্রেসের কয়েকজন জ্যেষ্ঠ নেতা তাঁর নেতৃত্বের বিরোধিতা করেছিলেন। শারদ পাওয়ার, পূর্ণ সাংমা ও তারিক আনোয়ার তাঁর বিদেশে জন্ম নিয়ে আপত্তি তুলেছিলেন।

এতে সোনিয়া আঘাত পেয়েছিলেন। একসময় সভাপতির পদও ছেড়ে দিয়েছিলেন। পরে আবার দলের নেতৃত্বে ফিরে আসেন। এই অভিজ্ঞতা দেখায়, ভারতীয় রাজনীতিতে জন্মপরিচয় ও রাজনৈতিক বৈধতার প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অথচ কোনো দেশের প্রতি একজন মানুষের আনুগত্য শুধু তাঁর জন্মস্থান দিয়ে বিচার করা যায় না।

সোনিয়ার জীবনের আরেকটি অপ্রত্যাশিত অধ্যায় হলো সংস্কৃত ও গীতার পাঠ। রাজনীতিতে প্রবেশের আগে তিনি নিজের সংশয় ও মানসিক অস্থিরতা কাটাতে গীতার ব্যাখ্যা শুনেছিলেন। এক বছর ধরে সংস্কৃতজ্ঞের কাছ থেকে গীতার আলোচনা শোনেন। পাশে রাখতেন হিন্দি অনুবাদ। কৃষ্ণ ও অর্জুনের কথোপকথন তাঁকে আত্মোপলব্ধির সুযোগ দিয়েছিল বলে জানিয়েছেন। রাজনীতির কঠিন বাস্তবতার মধ্যে নিজের ভেতরে শান্তি খোঁজার এই অভিজ্ঞতা বইটিকে অন্য মাত্রা দিয়েছে।

তবে আত্মজীবনীটির সীমাবদ্ধতাও রয়েছে। প্রকাশের পর বইটির কয়েকটি ঐতিহাসিক ও তথ্যগত ভুল নিয়ে আলোচনা হয়েছে। আরএসএস প্রতিষ্ঠার সাল, আন্না হাজারের আন্দোলনের সময়, আহমেদ প্যাটেলের মৃত্যুর তারিখ এবং কার্গিল যুদ্ধের ঘটনাক্রম নিয়ে অসংগতি চিহ্নিত হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমে বইটিতে অন্তত ৫৫টি ভুলের কথা বলা হয়েছে।

সব ভুলের গুরুত্ব অবশ্য এক নয়। কিছু স্মৃতিবিভ্রাট হতে পারে। কিছু আবার ইতিহাসের ব্যাখ্যাকে প্রভাবিত করতে পারে। এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক আত্মজীবনীতে তথ্য যাচাই ও সম্পাদনার ঘাটতি তাই হতাশাজনক। স্মৃতি মূল্যবান, কিন্তু স্মৃতি সব সময় নির্ভুল ইতিহাস নয়।

এই বইয়ে সোনিয়া নিজের রাজনৈতিক অবস্থানের পক্ষে কথা বলেছেন। কিছু ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। কোথাও নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেছেন। সেটাই স্বাভাবিক। আত্মজীবনী কখনোই নিরপেক্ষ ইতিহাসগ্রন্থ নয়। লেখক নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি থেকেই অতীতকে দেখেন। তাই বইটিকে পড়তে হবে সমসাময়িক দলিল, সংবাদপত্র, অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের স্মৃতিকথা এবং গবেষণার সঙ্গে মিলিয়ে। তাহলেই ইতিহাসের পূর্ণতর ছবি পাওয়া সম্ভব। সোনিয়ার বইয়ের সবচেয়ে বড় আকর্ষণ বোধহয় এখানেই। এটি একদিকে ব্যক্তিগত ভালোবাসা ও হারানোর গল্প।

অন্যদিকে ক্ষমতা, রাজনীতি ও পরিচয়ের সংকটের ইতিহাস। একটি দেশের মেয়ে অন্য দেশে এসে কীভাবে সেই দেশকে নিজের করে নেন, তার বিবরণ আছে এখানে। আবার সেই দেশই কীভাবে তাঁকে ইতিহাসের কেন্দ্রে এনে দাঁড় করায়, তারও সাক্ষ্য রয়েছে। তাঁর আত্মজীবনী তাই শুধু একজন রাজনীতিবিদের স্মৃতিকথা নয়। এটি ভালোবাসা, শোক, দেশ, পরিচয় ও ক্ষমতার জটিল সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দলিল।

লেখক: গণমাধ্যমকর্মী ও কলামিস্ট

/এপিএইচ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
টুঙ্গিপাড়া থানা থেকে এখনও উড়ছে ধোঁয়া, সড়কে গাছের গুঁড়ি-পোড়া গাড়ি
টুঙ্গিপাড়া থানা থেকে এখনও উড়ছে ধোঁয়া, সড়কে গাছের গুঁড়ি-পোড়া গাড়ি
সোনিয়ার আত্মজীবনী: প্রেম, ক্ষমতা ও ইতিহাসের দায় 
সোনিয়ার আত্মজীবনী: প্রেম, ক্ষমতা ও ইতিহাসের দায় 
বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর
বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর
সর্বশেষ সর্বাধিক