পরিস্থিতি মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে

চব্বিশের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন সরকার পতনের এক দফায় রূপ নেয়। এই আন্দোলনের নেতৃত্বে ও নেপথ্যে কারা ছিলেন—তা নিয়ে আলোচনা-তর্ক-বিতর্ক থাকতে পারে। তবে একথা অনস্বীকার্য যে, আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীর দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ এবং আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের নানা অভিযোগে বিরক্ত ও ক্ষুব্ধ সাধারণ মানুষও তখন রাস্তায় নেমে আসে।

অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পরে স্বভাবতই জনমনে এই প্রত্যাশা তৈরি হয়েছিল, চব্বিশের জুলাই পূর্ববর্তী বাংলাদেশের রাজনীতি-সমাজ ও রাষ্ট্রব্যবস্থাটি যেভাবে চলছিল; সেখান থেকে একটি বড় উত্তরণ ঘটবে। কিন্তু দুই বছরের বেশি সময় পার হলেও মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং কিছু কিছু ক্ষেত্রে অবস্থার অবনতি হয়েছে এবং অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশ একটি দীর্ঘমেয়াদী অশান্তির চক্করে পড়ে গেছে। এই অবস্থার দ্রুত উন্নতি না হলে সেটি আরও বড় সংঘাতে রূপ নেবে কি না এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের জানমাল ও দেশের কী অবস্থা হবে; তা ভেবে শঙ্কিত হতে হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যা হলো, সেটি অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। ১. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো কেন এতটা সহিংস হলো যে, তারা খোদ থানায় আক্রমণ করলো, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি জ্বালিয়ে দিলো— এমনকি বিএনপির একজন সংসদ সদসদ্যের বাড়িতেও আগুন দিলো? তারা কি এর মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিলো, নাকি চব্বিশের আগস্ট থেকে তাদের সঙ্গে যা হয়েছে, সেগুলোর প্রতিশোধ নিলো? তারা কি এই ধরনের প্রতিশোধ সারা দেশেই নিতে চায় বা সেই সক্ষমতা কি তাদের আছে?

যদি সত্যিই তারা সারা দেশে এই ধরনের সহিংসতা চালানোর চেষ্টা করে, তাহলে নিঃসন্দেহে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি দলের নেতাকর্মীদেরও মুখোমুখি হতে হবে। টুঙ্গিপাড়া কিংবা পুরো গোপালগঞ্জে আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি ও ভিত্তি সেটি দেশের সব জেলায় আছে, এমনটি ভাবার কোনও কারণ নেই। সুতরাং সব জেলা উপজেলায় তারা একইভাবে শক্তি প্রদর্শন করতে পারবে না। তাছাড়া চব্বিশের অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অধিকাংশই হয় বিদেশে না হয় জেলখানায়। দেশের ভেতরে যারা আছেন তারা মূলত আত্মগোপনে। সুতরাং, আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল কোনও আন্ডারগ্রাউন্ড পার্টির মতো সহিংসতা চালিয়ে মূলধারার রাজনীতিতে ফিরে এসে আবার ক্ষমতার মসনদে বসতে পারবে কি না, সেটি বড় প্রশ্ন।

২. টুঙ্গিপাড়ায় মঙ্গলবারের ঘটনার একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটি হলো, এর আগে সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধ খুলে দেন দলের নেতাকর্মীরা; যেটি চব্বিশের ৫ আগস্ট থেকে কার্যত তালাবদ্ধ। সেইসঙ্গে সেখানে প্রবেশাধিকারও নিষিদ্ধ করে রাখা হয়েছিল। একই দিন একটি কলেজের নামফলক বদলে দেওয়া, শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানানোসহ নানা কার্যক্রম হয়েছে। এসব ঘটনায় পুলিশ দলের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে। মূলত এই গ্রেফতারের প্রতিবাদে তারা টুঙ্গিপাড়া থানায় হামলা চালায় এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের ছিনিয়ে নেয়। স্মরণ করা যেতে পারে, একইরকম ঘটনা ঘটেছিল চব্বিশের অভ্যুত্থানের সময়ও। বিভিন্ন জেলখানায় আক্রমণ হয়েছে। থানায় লুটপাট হয়েছে। কিন্তু সেই অভ্যুত্থানে সরকারের পতনের পরে যখন নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হলো—তখনও কেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে? এটি কি সরকারের দুর্বলতা নাকি ক্ষমতাচ্যুত দলের ফিরে আসার শেষ চেষ্টা? এভাবে কি ফিরে আসা যাবে?

৩. অভ্যুত্থানের পরে দুই বছরেরও বেশি সময় পার হলেও কেন দেশ অশান্তির চক্র থেকে বের হতে পারছে না? এর কারণ কি এই যে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে যেভাবে ‘ডিল’ করা প্রয়োজন ছিল, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে?

৪. অভ্যুত্থানে জাতীয় পার্টিরও পতন হয়েছিল। কিন্তু সেই দলটিকে নিষিদ্ধ করা বা তাকে নির্মূল করার চেষ্টা হয়নি। বরং সেই দলটিও পরবর্তীকালে রাজনীতিতে সক্রিয় ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর থেকেই দলটিকে নির্মূল ও নিশ্চিহ্ন করে দেওয়ার পথে হেঁটেছে অন্তর্বর্তী সরকার—যা অশান্তিরর চক্রকে দীর্ঘায়িত করেছে। ছাত্রলীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করে অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে একটি অশংগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারলে নিঃসন্দেহে সেই নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হতো।

কেননা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলকে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিতো না। তাছাড়া দলটির শীর্ষ নেতাদের অধিকাংশ পলাতক এবং কারাগারে থাকায় দলের খুব বেশি লোক নির্বাচনে অংশগ্রহণ করতেও পারতেন না। আবার আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জনও করতো, সেক্ষেত্রেও সরকার দায়মুক্ত থাকতে পারতো যে, তারা কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করেনি। কিন্তু যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তখনই তাদের প্রতি মানুষের সহানুভূতি বাড়তে শুরু করেছে। মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি থাকলেও আওয়ামী লীগ চব্বিশের অভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে তাদের নিষিদ্ধ করেনি। আবার এই নিষিদ্ধের মেয়াদও দীর্ঘস্থায়ী হয়নি।

মনে রাখতে হবে, যে দলের জনভিত্তি আছে, সেই দলকে নিষিদ্ধ করে নির্মূল বা নিশ্চিহ্ন করা যায় না। বরং ভেতরে ভেতরে তারা আরও শক্তিশালী হয়। সুতরাং, অভ্যুত্থানে ক্ষমাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ অপরাধীদের বিচারের পাশাপাশি তাদের নিয়মতান্ত্রিক রাজনীতির সুযোগ দিলে এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে জনগণই হয়তো তাদের প্রত্যাখ্যান করতো। কিন্তু সরকার সেই পথে না গিয়ে প্রতিহিংসার পথ বেছে নিয়েছে। প্রতিহিংসার বদলে প্রতিহিংসা দীর্ঘমেয়াদী অশান্তির প্রধান কারণ।

৫. স্বাধীন বাংলাদেশে দল হিসেবে পরোক্ষভাবে আওয়ামী লীগ ‘নিষিদ্ধ’ হয়েছিল বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের শাসনামলেই—১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল গঠনের মধ্য দিয়ে। কেননা ‘বাকশাল’ গঠনের সময়ে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের ২৬ মার্চ। অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে যখন বাংলাদেশ স্বাধীন হয়— তখনও দলটি রাষ্ট্রীয় আইন অনুযায়ী নিষিদ্ধ ছিল। কিন্তু সেই নিষিদ্ধের ফলাফল দেশের মানুষ জানে।

৬. একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরেও যে দেশে শান্তি ও স্থিতিশীলতা, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না, বরং অর্থনীতির নানা সূচকে দেশ পিছিয়ে যাচ্ছে, তার প্রধান কারণ অভ্যুত্থান-পূর্ববর্তী আমলের চেয়ে অভ্যুত্থান-পরবর্তী আমলের শাসকরা আওয়ামী লীগের চেয়ে উত্তম নীতি ও পরিকল্পনা গ্রহণে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের আমলে দুর্নীতি-লুটপাট ও দলীয়করণ মাত্রা ছাড়িয়ে গেলেও অন্তর্বর্তী সরকারের পুরো দেড় বছরে দেশে যে মবের শাসন চলেছে— তা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। অর্থনৈতিক উন্নয়নে এই সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি। উপরন্তু, আমেরিকার সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি করে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী বিপদে ফেলে দিয়েছে।

এসব কারণে জনমনে প্রশ্ন উঠেছে, পরিস্থিতির যদি কোনো উন্নতি না হয়, দেশ যদি আগের চেয়ে ভালো না চলে, তাহলে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষ কেন প্রাণ দিলো? অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকার যদি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চেয়ে উন্নত শাসন এবং উন্নত রাজনীতি উপহার দিতে না পারে, তাহলে দেশ যে দীর্ঘমেয়াদী অশান্তির চক্করে পড়েছে, সেখান থেকে বের হওয়া কঠিন।

সমাধান কী?

সমাধান হলো, বাস্তবতা উপলব্ধি করা। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলটিকে নির্মূল বা নিশ্চিহ্ন করা যে সম্ভব নয়, সরকার এবং বিরোধী দলগুলোকেও এটি মানতে হবে। তাছাড়া কোন দলকে মানুষ গ্রহণ করবে আর কাকে প্রত্যাখ্যান করবে, সেই রায় দেওয়ার একমাত্র সুযোগ নির্বাচন। নিয়মতান্ত্রিক রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে জনগণই ঠিক করবে; তারা আওয়ামী লীগকে ভোট দেবে কি দেবে না। মানুষ তাদের প্রত্যাখ্যান করলে ধীরে ধীরে প্রান্তিক হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রীয় আইন দিয়ে তাদের নিষিদ্ধ করে রাখার চেষ্টা করা হলে; তাদের প্রতি মানুষের সহানুভূতি বাড়বে; যা তাদের শক্তিশালী হতে সহায়তা করবে।

বিচারিক প্রক্রিয়া আর নিয়মতান্ত্রিক রাজনীতি আলাদা বিষয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় তাদের বিচার হবে। গণহারে সবার বিরুদ্ধে হত্যা মামলা দিলে সেটি মামলা দুর্বল করে এবং জনমনে অবিশ্বাসের জন্ম দেয়। যার বিরুদ্ধে যে অভিযোগ, সুনির্দিষ্টভাবে সেই অভিযোগে মামলা দিয়ে প্রচলিত আইনে বিচার হলে; সেটি দেশে-বিদেশে গ্রহণযোগ্য হয়। কিন্তু সবাইকে এক পাল্লায় ওজন দিয়ে, সবাইকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে একটি বড় রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রক্রিয়াটিই ভুল। ফলে আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে।

অনেকে জার্মানির নাৎসি পার্টির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন। এটিও অ্যাকাডেমিক্যালি সঠিক নয়। কেননা, বাংলাদেশে এখনও বিপুল সংখ্যক মানুষ আওয়ামী লীগের সমর্থক। এমনকি যারা এখন নানাভাবে ক্ষমতাকাঠামোর মধ্যে আছে, এরকম অনেক দলের চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক বেশি। সেই বাস্তবতা মাথায় রেখে আওয়ামী লীগের ভুল ও গণবিরোধী রাজনীতি মোকাবিলা করতে হবে— অধিকতর উন্নত ও গণতান্ত্রিক রাজনীতি নিয়ে। বন্দুকের নল দিয়ে নয়।

আমীন আল রশীদ: সাংবাদিক ও লেখক