রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের: ন্যায়বিচার মিলবে শেষ পর্যন্ত?

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় এসেছে। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে হত্যাযজ্ঞ, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল মিয়ানমারের সামরিক বাহিনী, সেটি গণহত্যা। রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে এই গণহত্যার দায় নিতে হবে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত ৯-৬ ভোটে এই ঐতিহাসিক রায় দিয়েছেন। রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের প্রায় ৯ বছর পর আন্তর্জাতিক আদালতের এই স্বীকৃতি অবশ‍্যই গুরুত্বপূর্ণ ঘটনা। তবে প্রশ্ন হচ্ছে, এই রায়ের পর রোহিঙ্গাদের জীবনে কী পরিবর্তন আসবে? বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা কি এবার ফিরতে পারবেন নিজ দেশে? আর মিয়ানমার কি সত্যিই এই অপরাধের দায় স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে?

বিষয়টি বুঝতে হলে প্রথমেই জানতে হবে, আইসিজে আসলে কী রায় দিয়েছেন। এটি কোনো ব্যক্তি বা সেনা কর্মকর্তার ফৌজদারি বিচারের রায় নয়। আন্তর্জাতিক আদালত রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় নির্ধারণ করেছেন। অর্থাৎ, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে এবং এ জন্য মিয়ানমার আন্তর্জাতিক আইনের অধীনে দায়ী। শুধু গণহত্যা সংঘটনের দায় নয়, গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা, অপরাধীদের বিচারের আওতায় না আনা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন না করার দায়ও আদালত নির্ধারণ করেছেন।

এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এই রায়ের ফলে মিয়ানমারের কোনো সেনা কর্মকর্তার স্বয়ংক্রিয়ভাবে জেল বা মৃত্যুদণ্ড হবে না। কারণ আইসিজে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তি করে। ব্যক্তির অপরাধের বিচার করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। তবে আইসিজের এই রায় ভবিষ্যতে ব্যক্তিগত দায় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনি ও প্রমাণগত ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে। মিয়ানমারকেও আদালত নির্দেশ দিয়েছেন, গণহত্যার সঙ্গে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে— এমন ব্যক্তিদের তদন্ত করতে হবে এবং প্রয়োজন হলে তাদের বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে।

মিয়ানমার এত দিন দাবি করে আসছিল, ২০১৭ সালে রাখাইনে তাদের সামরিক অভিযান ছিল সন্ত্রাসী ও বিদ্রোহীদের বিরুদ্ধে। নিরাপত্তা রক্ষার স্বার্থেই এই অভিযান চালানো হয়েছিল। কিন্তু আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। কারণ কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর অধিকার থাকলেও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা, নারীদের ধর্ষণ, শিশুদের ওপর নির্যাতন কিংবা একটি জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন করে তোলার অধিকার কোনো রাষ্ট্রের নেই। আদালত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, বাড়িঘর ধ্বংসসহ বিভিন্ন কর্মকাণ্ডের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে গণহত্যার সিদ্ধান্তে পৌঁছেছেন। গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে এই সামগ্রিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই রায়ের আরেকটি বড় দিক হলো, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রশ্ন। আদালত মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ দিতে এবং প্রয়োজনীয় পুনর্বাসনমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। যারা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। পরিবারের সদস্যদের পুনর্মিলন এবং নিজ নিজ বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে। তবে ক্ষতিপূরণের মোট পরিমাণ কত হবে, কীভাবে দেওয়া হবে, কিংবা কোন পদ্ধতিতে ক্ষতিগ্রস্তদের কাছে তা পৌঁছাবে, সেসব বিষয় আদালত পরবর্তী ধাপে নির্ধারণ করবেন। আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারকে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

তবে এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক আদালতের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই। মিয়ানমার যদি রায় বাস্তবায়নে অস্বীকৃতি জানায়, তাহলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। নিরাপত্তা পরিষদ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। অর্থনৈতিক বা অস্ত্র নিষেধাজ্ঞার মতো পদক্ষেপও আলোচনায় আসতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশ ভেটো দিলে কার্যকর সিদ্ধান্ত আটকে যেতে পারে। ফলে রায় বাস্তবায়নে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এই মামলায় গাম্বিয়ার ভূমিকার বিষয়টি গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে ৫৭ সদস্যের ওআইসির সমর্থন নিয়ে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ সরাসরি কেন মামলা করলো না? এর একটি আইনি কারণ রয়েছে। বাংলাদেশ ১৯৪৮ সালের গণহত্যা সনদে যুক্ত হলেও এর নবম অনুচ্ছেদে একটি ঘোষণা আছে। সেখানে বলা হয়েছে, এই অনুচ্ছেদের অধীনে কোনো বিরোধ আইসিজেতে নিতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি প্রয়োজন। এর ফলে মিয়ানমারের সম্মতি ছাড়া বাংলাদেশের পক্ষে সরাসরি এই ধারায় মামলা করা কঠিন। গাম্বিয়া সেই আইনি সুযোগ কাজে লাগিয়েছে। আর তাতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি’র অন্তর্ভুক্তি যুক্ত করেছে বাড়তি গুরুত্ব।

বাংলাদেশের জন্য এই রায়ের গুরুত্ব অনেক বেশি। কারণ রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়, বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা, পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতার জন্যও ভয়াবহ চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বলে আসছে, রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। এবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় বাংলাদেশের সেই অবস্থানকে আরও শক্তিশালী এ গ্রহণযোগ্য করলো। প্রত্যাবাসনের প্রশ্নে মিয়ানমারের দায় অস্বীকার করার যে সুযোগ, তাও সংকুচিত হলো।

তবে এই রায় এলেই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে পারবেন, এমনটি ভাবার কারণ নেই। রাখাইনের বর্তমান সংঘাত, মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা, সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর লড়াই এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকারের প্রশ্ন এখনো বড় বাধা। নিরাপদ প্রত্যাবাসনের জন্য শুধু সীমান্ত খুলে দিলেই হবে না; নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, জীবিকা, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তার নিশ্চয়তাও দিতে হবে।

এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আন্তর্জাতিক আইনে নির্দিষ্ট শর্তে নতুন ও আগে অজানা কোনো চূড়ান্ত প্রমাণ সামনে এলে রায় পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে। অর্থাৎ, মিয়ানমারের জন্য রায়টি এড়িয়ে যাওয়ার সহজ কোনো আইনি পথ নেই।

সব মিলিয়ে, রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রথমবারের মতো এই আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করলেন। কিন্তু বিচারিক স্বীকৃতি আর বাস্তব ন্যায়বিচার এক বিষয় নয়। রোহিঙ্গারা যদি নিজেদের ঘরে ফিরতে না পারেন, হারানো স্বজন ও সম্পদের ন্যায়বিচার না পান, নাগরিকত্ব ও নিরাপত্তা ফিরে না পান, তাহলে এই ঐতিহাসিক রায়ের সুফল অসম্পূর্ণই থেকে যাবে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি কাজ হলো, এই রায়কে কাজে লাগিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা। গাম্বিয়া, ওআইসি, জাতিসংঘ এবং মামলায় অংশ নেওয়া অন্য দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। মিয়ানমারের ওপর কার্যকর চাপ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। আর এই রায়ের সবচেয়ে বড় সাফল্য হবে তখনই, যখন রোহিঙ্গারা শুধু গণহত্যার শিকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি নয়, নিজেদের দেশে সম্মান, নিরাপত্তা ও অধিকার নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তাও পাবেন।

লেখক: ফরেন অ‍্যাফেয়ার্স এডিটর, যমুনা টেলিভিশন