সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে একজন মা কি নিশ্চিন্ত থাকতে পারেন? রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে একজন নারী কি নিরাপদ বোধ করেন? আর যে নারী নিজের ঘরেই নির্যাতনের শিকার হন, তিনি কোথায় যাবেন, কার কাছে বিচার চাইবেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি নিশ্চিতভাবে হ্যাঁ না হয়, তাহলে বুঝতে হবে, নারীর নিরাপত্তা এখনও আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়নি। আমার মনে হয়,নারীর নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব কিছু নয়। কিন্তু এর জন্য শুধু আইন করলেই হবে না, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। বাংলাদেশের সাম্প্রতিক কিছু তথ্যের দিকে তাকালেই সমস্যার গভীরতা বোঝা যায়।
অনেকে মনে করেন, নারীর সবচেয়ে বড় নিরাপত্তাহীনতা ঘরের বাইরে। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ২০২৪ সালের নারীর প্রতি সহিংসতা জরিপ ভিন্ন চিত্র তুলে ধরেছে। ১৫ বছর বা তার বেশি বয়সী ২৭ হাজার ৪৭৬ জন নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই জরিপে দেখা গেছে, জাতিসংঘের নির্ধারিত মাপকাঠি অনুযায়ী ৭০ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা সঙ্গীর হাতে কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন।
বাংলাদেশের সামাজিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত আরও কিছু আচরণ হিসাবের মধ্যে ধরলে এই হার দাঁড়ায় ৭৬ শতাংশ। অর্থাৎ, প্রতি চারজন নারীর প্রায় তিনজনই জীবনের কোনো না কোনো সময়ে ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন।
তবে কিছু অগ্রগতিও আছে। জরিপে দেখা গেছে, গত এক বছরে স্বামী বা সঙ্গীর হাতে সহিংসতার শিকার নারীর হার ২০১৫ সালের ৫৫ শতাংশ থেকে ২০২৪ সালে ৪১ শতাংশে নেমে এসেছে, জাতিসংঘের নির্ধারিত মাপকাঠি অনুযায়ী। এই পরিবর্তন অবশ্যই ইতিবাচক। কিন্তু সমস্যাটি যে এখনো কতটা বিস্তৃত, সেটিও আমাদের মনে রাখতে হবে। আরও উদ্বেগের বিষয় হলো, নির্যাতনের শিকার নারীদের বড় একটি অংশ কাউকে কিছু জানান না। জরিপ অনুযায়ী, প্রায় ৬২ শতাংশ ভুক্তভোগী তাঁদের নির্যাতনের কথা কাউকে বলেননি। জাতীয় হেল্পলাইন ১০৯ সম্পর্কে জানেন মাত্র ১২ শতাংশ নারী।
অর্থাৎ, সহিংসতার শিকার হয়েও অনেক নারী নীরব থাকেন। ভয়, সামাজিক চাপ, পরিবারের সম্মান রক্ষার চিন্তা কিংবা বিচার না পাওয়ার আশঙ্কা তাঁদের মুখ বন্ধ করে রাখে।
ঘরের বাইরের নিরাপত্তার চিত্রও স্বস্তিদায়ক নয়। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৭৮৬ জন নারী ও শিশু ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৫১৬। অর্থাৎ, এক বছরে প্রায় ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যেও ধর্ষণের ঘটনা বৃদ্ধির চিত্র পাওয়া যায়। তাদের হিসাবে, ২০২৫ সালে ৭৪৯টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ধর্ষণের অভিযোগে ৭ হাজার ৬৮টি মামলা হয়েছে, যেখানে ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৫ হাজার ৫৬৬।
এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। কারণ পুলিশ মামলা নথিভুক্ত হওয়ার ভিত্তিতে তথ্য প্রকাশ করে, আর মানবাধিকার সংগঠনগুলো সংবাদপত্রে প্রকাশিত খবর ও নিজস্ব সূত্রের মাধ্যমে ঘটনা সংগ্রহ করে। তাই এগুলোকে সরাসরি তুলনা করা ঠিক হবে না। তবে সব তথ্যই আমাদের সামনে একটি উদ্বেগজনক বাস্তবতা তুলে ধরে।
শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ। মহিলা পরিষদের হিসাবে, ২০২৫ সালে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার ৭৮৬ জনের মধ্যে ৫৪৩ জনই শিশু। আসকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চার মাসে ১২ বছরের কম বয়সী ৫৬টি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের বয়স ছয় বছরেরও কম। এসব ঘটনা শুধু অপরাধের পরিসংখ্যান নয়; প্রতিটি ঘটনার পেছনে রয়েছে একটি শিশুর জীবন, একটি পরিবারের কষ্ট এবং দীর্ঘদিনের মানসিক ক্ষত। প্রশ্ন হলো, এত আইন ও শাস্তির বিধান থাকার পরও পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না কেন?
নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করার জন্যও আইনে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ গবেষণায় ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩২টি জেলার ৪৬টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ৪ হাজার ৪০টি মামলা পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, এসব মামলার মাত্র ৩ শতাংশে আসামির সাজা হয়েছে।
প্রায় ৭০ শতাংশ মামলায় আসামিরা খালাস পেয়েছেন। একটি মামলা নিষ্পত্তি হতে গড়ে ১ হাজার ৩৭০ দিন, অর্থাৎ প্রায় তিন বছর আট মাস সময় লেগেছে। ১৫টি জেলায় কোনো মামলাতেই সাজা হয়নি।
এদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৯৯টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১ লাখ ৩২ হাজারের বেশি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০ হাজারের বেশি মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। অর্থাৎ, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এখন একটি বড় সমস্যা।
একবার ভুক্তভোগীর অবস্থান থেকে বিষয়টি ভাবুন। একজন নারী নির্যাতনের শিকার হওয়ার পর থানায় গেলেন। সেখানে অভিযোগ গ্রহণে অনীহা দেখা গেল। অনেক কষ্টে মামলা হলেও তদন্ত শেষ হতে দেরি হলো। এর মধ্যে আসামি বা তার স্বজনদের কাছ থেকে হুমকি এলো। সামাজিকভাবে তাঁকেই নানা প্রশ্নের মুখে পড়তে হলো। আদালতে একের পর এক হাজিরা দিতে হলো।
বছরের পর বছর অপেক্ষার পর যদি ন্যায়বিচার না পান, তাহলে তাঁর মানসিক অবস্থা কী হতে পারে? এমন পরিস্থিতিতে অনেক ভুক্তভোগী যে আপস করতে বাধ্য হন বা মামলা চালিয়ে যাওয়ার সাহস হারান, তা বোঝা কঠিন নয়। তাই আমার মনে হয়, শুধু কঠোর শাস্তির দাবি জানিয়ে সমস্যার সমাধান হবে না। আইনেই কঠোর শাস্তির বিধান রয়েছে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন বিচারপ্রক্রিয়াকে কার্যকর করা এবং অপরাধের বিচার নিশ্চিত করা।
প্রথমেই আদালতের ওপর মামলার চাপ কমাতে হবে। প্রয়োজন অনুযায়ী বিচারক, সরকারি কৌঁসুলি ও আদালতের জনবল বাড়াতে হবে। তদন্তে দীর্ঘসূত্রতা বন্ধ করতে হবে। অভিযোগ গ্রহণে পুলিশের অনীহা বা অবহেলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মেডিক্যাল পরীক্ষা, ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ সাক্ষী ভয় পেয়ে সরে গেলে কিংবা ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগলে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
এর পাশাপাশি নির্যাতনের শিকার নারীদের জন্য বিনা খরচে আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা সহজলভ্য করতে হবে। জাতীয় হেল্পলাইন ১০৯ সম্পর্কে ব্যাপক প্রচার চালানো প্রয়োজন। শুধু একটি নম্বর চালু রাখলেই হবে না; মানুষকে জানতে হবে কোথায় ফোন করতে হবে এবং ফোন করলে কী ধরনের সহায়তা পাওয়া যাবে।
তবে সমস্যার সমাধান শুধু আইন ও বিচারব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক পরিবেশেও পরিবর্তন আনতে হবে। ছেলেশিশুকে ছোটবেলা থেকেই নারীর প্রতি সম্মান, ব্যক্তিগত সীমারেখা এবং সম্মতির গুরুত্ব শেখাতে হবে। মেয়েদের পোশাক, চলাফেরা বা বাইরে যাওয়ার সময় নিয়ে প্রশ্ন তোলার সংস্কৃতি বন্ধ করতে হবে। নির্যাতনের দায় কখনো ভুক্তভোগীর নয়; দায় অপরাধীর।
শেষ পর্যন্ত প্রশ্নটি থেকেই যায়— নারীর নিরাপত্তা কি আমাদের কাছে এখনো অধরা স্বপ্ন? বাস্তবতা বলছে, এখনো অনেক নারী নিজের ঘরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা রাস্তায় নিরাপদ নন। বিচার পেতে তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু পরিস্থিতির পরিবর্তন অসম্ভব নয়। সাম্প্রতিক জরিপে সহিংসতার কিছু সূচকে উন্নতির যে চিত্র পাওয়া গেছে, তা আমাদের আশাবাদী হওয়ার সুযোগ দেয়।
তবে আশাবাদী হওয়ার পাশাপাশি রাষ্ট্র ও সমাজকে দায়িত্ব নিতে হবে। একজন নারী যেন রাতে বাড়ি ফেরার সময় ভয় না পান, একজন মা যেন সন্তানকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় না থাকেন এবং নির্যাতনের শিকার কোনো নারী যেন বিচার চাইতে গিয়ে নতুন করে হয়রানির শিকার না হন—এটুকু নিশ্চিত করাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। নারীর নিরাপত্তা কোনো বিশেষ সুযোগ নয়; এটি তাঁর মৌলিক অধিকার।
লেখক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর