তুরস্কের আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনকে (কপ-৩১) স্বাগতিক তুরস্কের কপ৩১ প্রেসিডেন্সি আলোচনা থেকে বাস্তবায়নে যাওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে তুলে ধরেছিল। তুরস্ক সম্মেলনের আয়োজক, আর আলোচনার সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া। কিন্তু নির্ধারিত সমাপনী দিন ২০ নভেম্বর রাতে সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সমাপনী অধিবেশন স্থগিত করে জানান, অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত। তার ভাষায়, তারা লক্ষ্যের কাছাকাছি কিন্তু এখনো পৌঁছাননি।
ফলে অর্থায়ন, নিঃসরণ হ্রাস, অভিযোজন ও ন্যায্য রূপান্তর নিয়ে আলোচনা শেষ হয়েছে। বহুপাক্ষিক মূল মঞ্চে এই অচলাবস্থা থাকলেও বাংলাদেশের জন্য আনতালিয়ার ফলাফল কেবল শেষ মুহূর্তের হাতুড়ির আঘাতের ওপর নির্ভর করেনি। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সচিবালয়ের (ইউএনএফসিসিসি) অংশগ্রহণকারীদের অস্থায়ী তালিকা (নভেম্বর ২০২৬) অনুযায়ী বাংলাদেশ থেকে এবার উল্লেখযোগ্য পরিমাণ প্রতিনিধিদল জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দিয়েছেন।
ঋণ নয়, অনুদান: তথ্যনির্ভর কূটনীতি
১২ নভেম্বর উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোজন অর্থায়ন, ঋণ-স্বস্তি, প্রযুক্তি হস্তান্তর, পরিচ্ছন্ন জ্বালানি এবং ন্যায্য রূপান্তর— এই পাঁচটি বিষয়ে জরুরি পদক্ষেপের আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের দাবি করে বলেন, ‘ঝুঁকিপূর্ণ দেশগুলোর দরকার অনুদান, ঋণের বোঝা বাড়ায় এমন আরও ঋণ নয়।’ ন্যায্য রূপান্তরের জন্য তিনি ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণেরও আহ্বান জানান। ১৩ নভেম্বর বাংলাদেশ প্রতিনিধিদলের লিখিত বিবৃতি অনুযায়ী বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অংশ ০.৫ শতাংশেরও কম, অথচ জলবায়ু পদক্ষেপে দেশটির বছরে ১০ থেকে ১১ বিলিয়ন ডলার দরকার, যার মধ্যে প্রায় ৪.৫ থেকে ৫ বিলিয়ন ডলার সরকার নিজের বাজেট থেকেই ব্যয় করছে। একই বিবৃতিতে বাংলাদেশ ২০৩৫ সালের আগে অভিযোজন অর্থায়ন তিনগুণ করে বছরে ১২০ বিলিয়ন ডলারে তোলার বিষয়ে— স্বল্পোন্নত দেশগুলোর জোট এলডিসি গ্রুপের দাবিকে সমর্থন জানায়।
দুটি অনুদানের দরজা খুলেছে
প্রথমত, জি-৭ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোট ভি-২০-এর যৌথভাবে প্রতিষ্ঠিত ‘গ্লোবাল শিল্ড অ্যাগেইনস্ট ক্লাইমেট রিস্কস’ কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩ কোটি ইউরো, অর্থাৎ প্রায় ৪১৫ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছে। ১৭ নভেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। সেখানে সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক সারা জেন আহমেদও উপস্থিত ছিলেন। ড. সাইমুম পারভেজের ভাষ্য অনুযায়ী, প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে আরও প্রায় ২ কোটি ডলার আসতে পারে, আর এই অর্থ ব্যয় হবে দুর্যোগের পূর্বাভাসভিত্তিক আগাম নগদ সহায়তা, কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জলবায়ু বিমা এবং বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি মূল্যায়ন ও তথ্যব্যবস্থা শক্তিশালী করতে। সরকারের তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন, অর্থ ছাড়, বাস্তবায়নকারী সংস্থার দায়িত্ব ভাগ এবং উপকারভোগী বাছাই এখনো বাকি।
দ্বিতীয়ত, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ১২ নভেম্বরের (২০২৬) ঘোষণা অনুযায়ী তাদের অভিযোজন কর্মসূচি ‘অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ (অ্যারাইজ)’-এর প্রথম ধাপের জন্য বাংলাদেশ, হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওনকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি দেশ সর্বোচ্চ ৩ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা জমা দিতে পারবে। আর মোজাম্বিক-মালাউইয়ের একটি যৌথ উদ্যোগ চাইতে পারবে সর্বোচ্চ ৪ কোটি ডলার। সিআইএফ নির্বাহী বোর্ডের চেয়ার তারিয়ে গবাদেগেসিনের ভাষ্যমতে, এই কর্মসূচিতে ৭০টি দেশ আবেদন করেছিল। ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, এই অর্থ মূলত উপকূলীয় সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়াতে ব্যয় হবে।
দুটি উদ্যোগই অনুদানভিত্তিক এবং উপকূলের মানুষের দিকে লক্ষ্য করা। তবে ঘোষিত অঙ্কগুলো যোগ করলে (৩ কোটি ইউরো, সম্ভাব্য ২ কোটি ডলার এবং সর্বোচ্চ ৩ কোটি ডলার) মোট পরিমাণ ১০ কোটি ডলারেরও কম, যেখানে প্রতিনিধিদলের হিসাবে বছরে চাহিদা ১০০০ থেকে ১১০০ কোটি ডলার। অর্থাৎ এটি সূচনা, সমাধান নয়।
ক্ষয়ক্ষতির হিসাবে নেতৃত্বের স্বীকৃতি
অর্থের বাইরে উল্লেখযোগ্য অর্জন এসেছে ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) প্রসঙ্গে। পরিবেশ অধিদফতর, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) কারিগরি সহায়তা এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে যে ‘জাতীয় ক্ষয়ক্ষতি কাঠামো’ তৈরি করেছে, তা ১৭ নভেম্বর আনতালিয়ায় উপস্থাপন করা হয়। পরিবেশ অধিদফতরের এই কাঠামো ৯টি বিষয়ভিত্তিক ক্ষেত্রে ১৪টি জলবায়ু দুর্যোগ মূল্যায়ন করে। দুর্যোগের ৩০ দিনের মধ্যে প্রাথমিক হিসাব চায় এবং বিদ্যালয়ের পড়াশোনা ব্যাহত হওয়া বা বারবার বাস্তুচ্যুতির মতো সামাজিক ক্ষতিও গণনায় আনে।
জাতিসংঘের ওয়ারশ আন্তর্জাতিক মেকানিজমের নির্বাহী কমিটির সহসভাপতি এলিসা কালিয়ারি বাংলাদেশকে এ ক্ষেত্রে পথিকৃৎ বলেছেন। একই অনুষ্ঠানে ক্ষয়ক্ষতি তহবিলের (ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ) প্রতিনিধি জোহা শাউ জানান, তহবিলে ১১৯টি দেশ থেকে ১৭৬টি আবেদন জমা পড়েছে, যার প্রায় ৭৪টি জাতীয় কাঠামোর সঙ্গে যুক্ত। সরকারের পরিকল্পনা অনুযায়ী কাঠামোটি ডিসেম্বর ২০২৬-এর মধ্যে যাচাই ও চূড়ান্ত করা হবে।
কার্বন বাজার ও পরিচ্ছন্ন জ্বালানিতে অংশীদারত্ব
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৪ নভেম্বর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় আন্তর্জাতিক কার্বন বাজার সহযোগিতা নিয়ে সিঙ্গাপুরের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেন। সিঙ্গাপুরের পক্ষে সই করেন দেশটির টেকসইতা ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং। সিঙ্গাপুর সরকারের বিবৃতি (নভেম্বর ২০২৬) অনুযায়ী দুই দেশ অনুচ্ছেদ ৬.২-এর আওতায় আইনগতভাবে বাধ্যতামূলক একটি বাস্তবায়ন চুক্তির দিকে কাজ করবে, যা বাংলাদেশের যোগ্য কার্বন ক্রেডিট সিঙ্গাপুরে হস্তান্তরের পথ খুলতে পারে। বাংলাদেশের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদানে (এনডিসি ৩.০) ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সক্ষমতায় স্বাভাবিক অবস্থার তুলনায় ৬.৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পেলে আরও ১৩.৯২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।
গ্লোবাল সোলার কাউন্সিলের (নভেম্বর ২০২৬) ঘোষণা অনুযায়ী বাংলাদেশ আরও কয়েকটি দেশের সঙ্গে ‘গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশন’-এ সমর্থন দিয়েছে। অস্ট্রেলিয়া ছিল ঘোষণাটির প্রথম সমর্থক। ঘোষণাটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ থাকা বাড়ির সংখ্যা প্রায় ১৫ কোটি থেকে বাড়িয়ে অন্তত ৩০ কোটিতে নেওয়া। এটি স্বেচ্ছামূলক ও অবাধ্যতামূলক। সমর্থন জানিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট রুফটপ সোলারের লক্ষ্য তুলে ধরেন। তাঁর উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরব্যবস্থা বসবে, যার মধ্যে প্রায় ৬ লাখ ৯৬ হাজারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর সরকারি লক্ষ্যের কথাও বলেন।
ন্যায্য রূপান্তর, প্রকৃতিভিত্তিক উদ্যোগ ও পাট
ব্লু জোনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনী আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ন্যায্য রূপান্তরের জন্য পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের পরিচ্ছন্ন উৎপাদনে রূপান্তরে সহায়তার আহ্বান জানান।
মন্ত্রীর ভাষ্যমতে, বাংলাদেশ তার এনডিসি ৩.০ বাস্তবায়ন পরিকল্পনায় ন্যায্য রূপান্তর বিষয়ে একটি সুনির্দিষ্ট ও ব্যয়-নিরূপিত অধ্যায় যুক্ত করেছে। প্রতিনিধিদলের লিখিত বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের কার্বন সীমান্ত কর (সিবিএএম)-এর মতো একতরফা বাণিজ্য ব্যবস্থার বিরোধিতা করে বলা হয়েছে, এগুলো উন্নয়নশীল দেশের রফতানিকারকদের ক্ষতি করতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ভাষণে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনা তুলে ধরেন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ মন্ত্রণালয়ের প্রাক্কলন অনুযায়ী বনায়ন উদ্যোগ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান তৈরি হবে।
পাট ছিল বাংলাদেশের উপস্থিতির আরেকটি দৃশ্যমান দিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাট প্যাভিলিয়নে ১৩০ ধরনের প্রায় ৫৫০ কেজি পাটপণ্য প্রদর্শিত হয়েছে। আর প্রধানমন্ত্রী নিজেও প্যাভিলিয়নটি পরিদর্শন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন ও জাতিসংঘের প্রকল্প সেবা সংস্থার (ইউএনওপিএস) অংশীদারত্বে পাটকে প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে তুলে ধরে একটি অনুষ্ঠান আয়োজন করে। যার সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এর আগে পাট প্যাভিলিয়ন দল ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশন নিয়মিত যোগাযোগ রাখতে এবং যৌথ উদ্যোগ আনুষ্ঠানিক করার উপায় খুঁজতে সম্মত হয়।
আলোচনার টেবিলে যা পাওয়া গেল না
বাস্তবমুখী মূল্যায়নে এটিও স্পষ্ট যে বাংলাদেশের মৌলিক প্রত্যাশাগুলো পূরণ হয়নি। কপ৩১ প্রেসিডেন্সির ১৬ নভেম্বর তারিখের প্রথম খসড়া সিদ্ধান্তে (কভার ডিসিশন) জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধে দ্রুত পদক্ষেপের আহ্বান এবং ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত ১২০ বিলিয়ন ডলারে তোলার প্রস্তাব ছিল। কিন্তু ১৯ নভেম্বর প্রকাশিত প্রেসিডেন্সির দ্বিতীয় খসড়ায়, যাকে সভাপতি মুরাত কুরুম ‘আনতালিয়া ঘোষণা’ নামে অভিহিত করেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সব উল্লেখ এবং ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্য দুটোই বাদ পড়েছে।
আলোচনার সভাপতি, অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এই খসড়াকে অবশিষ্ট সময়ে সমঝোতায় পৌঁছানোর সবচেয়ে ভালো ভিত্তি বলে উল্লেখ করেছেন। সংশোধিত খসড়ায় ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিনগুণ করার আহ্বান রয়ে গেছে, কিন্তু কোন ভিত্তিরেখা থেকে তিনগুণ হবে তা ঠিক হয়নি।
ইউএনএফসিসিসি’র স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্সকে ২০২৭ সালে এ বিষয়ে বিকল্প প্রস্তাব দিতে বলা হয়েছে। খসড়ায় প্রস্তাবিত ‘আনতালিয়া-থেকে-আদ্দিস আবাবা রোডম্যাপ’ ক্ষয়ক্ষতিসহ অভিযোজন ও সহনশীলতার জন্য পূর্বানুমেয় অর্থের উৎস চিহ্নিত করবে এবং অর্থ পাওয়ার পথ সহজ করবে বলে উল্লেখ করা হয়েছে।
অর্থ পাওয়ার প্রক্রিয়াও এখনো কঠিন। প্রতিনিধিদলের লিখিত বিবৃতিতে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অভিযোজন তহবিলে সরাসরি প্রবেশ সহজ করার এবং ক্ষয়ক্ষতি তহবিলে বেশি অর্থ, সহজ প্রবেশ ও দ্রুত অর্থ ছাড়ের দাবি জানানো হয়েছে।
জাতীয় ক্ষয়ক্ষতি কাঠামো উপস্থাপনের অনুষ্ঠানে জার্মানওয়াচের প্রতিনিধি লরা শেফার বাংলাদেশকে কেবল দুর্যোগের শিকার নয়, একটি নেতৃস্থানীয় দেশ হিসেবে বর্ণনা করলেও বলেছেন— প্রাপ্য তহবিল অপর্যাপ্ত। একই অনুষ্ঠানে ড. সাইমুম পারভেজ বলেন, ক্ষয়ক্ষতি তহবিলের প্রতিশ্রুত অর্থ দ্রুত বাস্তব সহায়তায় রূপ দিতে হবে। তা ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯ অক্টোবরের (২০২৬) সিদ্ধান্তে বাংলাদেশের এলডিসি উত্তরণ ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত পিছিয়েছে। অর্থাৎ বাংলাদেশ এলডিসি হিসেবে আর মাত্র কয়েকটি কপে আলোচনা করতে পারবে।
সামনের করণীয়
আনতালিয়ার অর্জনকে বাস্তব সুরক্ষায় রূপ দিতে তিনটি কাজ দ্রুত করা দরকার। প্রথমত, অ্যারাইজের বিনিয়োগ পরিকল্পনা ও গ্লোবাল শিল্ডের প্রস্তাব সময়মতো ও মানসম্পন্নভাবে চূড়ান্ত করতে হবে এবং অর্থ যেন উপকূলের জেলে, কৃষক ও ঝুঁকিপূর্ণ পরিবারের কাছে পৌঁছায়, তার স্বচ্ছ তদারকি রাখতে হবে। দ্বিতীয়ত, জাতীয় ক্ষয়ক্ষতি কাঠামোকে ঘোষিত সময়ের মধ্যে চূড়ান্ত করে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ঠিকানা দিতে হবে। তৃতীয়ত, সিঙ্গাপুরের সঙ্গে কার্বন বাজার সহযোগিতাকে বাস্তবায়ন চুক্তি পর্যন্ত নিতে উচ্চমানের প্রকল্প এবং স্বচ্ছ নিবন্ধন ও যাচাই ব্যবস্থা গড়ে তুলতে হবে।
সব মিলিয়ে কপ-৩১ বাংলাদেশের জলবায়ু কূটনীতির সক্ষমতা এবং বৈশ্বিক রাজনীতির সীমাবদ্ধতা, দুটোই স্পষ্ট করেছে। জীবাশ্ম জ্বালানি ও অভিযোজন অর্থায়নের প্রশ্নে বৈশ্বিক ঐকমত্য এখনো অধরা থাকলেও বাংলাদেশ শূন্য হাতে ফিরছে না। গ্লোবাল শিল্ডের অনুদান, অ্যারাইজের অর্থায়নের পথ, ক্ষয়ক্ষতি পরিমাপে নেতৃত্বের স্বীকৃতি, সিঙ্গাপুরের সঙ্গে কার্বন বাজার অংশীদারত্ব এবং রুফটপ সোলার লক্ষ্যকে বৈশ্বিক উদ্যোগের সঙ্গে যুক্ত করা দুই সপ্তাহের কূটনীতিকে একটি বাস্তব ভিত্তি দিয়েছে। কিন্তু প্যাভিলিয়নে পাওয়া কয়েক কোটি ডলার আর খসড়া থেকে বাদ পড়া ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যের মধ্যকার ব্যবধানই আনতালিয়ার আসল হিসাব।
এই অর্জনগুলোর প্রকৃত সার্থকতা নির্ভর করবে দেশের ভেতরে কত দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে এগুলো উপকূলের মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় রূপ নেয়, তার ওপর।
লেখক: ডিন, বিজ্ঞান অনুষদ এবং অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি