তুরস্কের আনতালিয়ায় চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ভূমধ্যসাগরের তীরের এই শহরে বিশ্বের নেতারা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন, তখন বাংলাদেশের জন্য আরেকটি তারিখ ক্রমেই এগিয়ে আসছে। ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে সই হওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। হাতে সময় এক মাসেরও কম। একদিকে বৈশ্বিক উষ্ণায়ন, অন্যদিকে অভিন্ন নদীর পানির হিসাব। বাংলাদেশের কাছে এ দুটি সংকট আলাদা নয়। কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব যত বাড়ছে, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার প্রশ্নটিও তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সর্বশেষ এমিশনস গ্যাপ রিপোর্ট ‘দ্য পয়েন্ট অব রিটার্ন’-এ বলা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য কার্যত হাতছাড়া হয়েছে। সবচেয়ে আশাবাদী পরিস্থিতিতেও শতকের মাঝামাঝি তাপমাত্রা ১ দশমিক ৭ থেকে ১ দশমিক ৮ ডিগ্রি বাড়তে পারে। বর্তমান নীতি অব্যাহত থাকলে শতকের শেষে তা ২ দশমিক ৮ ডিগ্রিতে পৌঁছাতে পারে। এমনকি দেশগুলো প্রতিশ্রুতি পূরণ করলেও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা ২ দশমিক ৬ ডিগ্রি। পরিস্থিতি সামাল দিতে ২০৩৫ সালের মধ্যে ৪৫ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৬৯ শতাংশ নিঃসরণ কমাতে হবে। অর্থাৎ প্রতিশ্রুতির চেয়ে বাস্তব পদক্ষেপ এখনও অনেক পিছিয়ে।
এবারের সম্মেলনের নেতৃত্বের কাঠামোতেও কিছুটা ভিন্নতা রয়েছে। সম্মেলনের আয়োজক তুরস্ক হলেও আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েনকে। দুই দেশের সমঝোতা অনুযায়ী, আলোচনার ক্ষেত্রে বোয়েনের থাকবে বিশেষ এখতিয়ার। তবে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কপ৩১-এর সভাপতিত্বের হাতে। অর্থাৎ আলোচনা পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নিয়ে দুই দেশের মধ্যে একধরনের ক্ষমতা ভাগাভাগি রয়েছে। আন্তর্জাতিক সম্মেলনে এ ধরনের ব্যবস্থার বাস্তব প্রভাব কী হবে, তা আলোচনার অগ্রগতিতেই বোঝা যাবে। তবে বাংলাদেশের মতো দেশের জন্য গুরুত্বপূর্ণ হলো, আলোচনার প্রতিটি পর্যায়ে নিজেদের দাবি ও স্বার্থ স্পষ্টভাবে তুলে ধরা।
বৈশ্বিক নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০ দশমিক ৩৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর দেশের অর্থনৈতিক ক্ষতি ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার বলে বিশ্বব্যাংকের মূল্যায়নের ভিত্তিতে সরকার জানিয়েছে। উপকূলে লবণাক্ততা, নদীভাঙন, বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষতি এখন কৃষি, কর্মসংস্থান ও মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য যারা কম দায়ী, ক্ষতির বোঝা তাদেরই বেশি বহন করতে হচ্ছে। বাংলাদেশের কাছে জলবায়ু ন্যায়বিচার তাই কেবল নীতিগত দাবি নয়, অর্থনৈতিক ও মানবিক বাস্তবতা।
জলবায়ু অর্থায়নে বাংলাদেশের প্রধান দাবি হওয়া উচিত ঋণের বদলে অনুদান। কারণ জলবায়ুর ক্ষতি সামলাতে ঋণ নিলে ক্ষতিগ্রস্ত দেশকে আবার সুদ-আসলও পরিশোধ করতে হয়। চেঞ্জ ইনিশিয়েটিভের হিসাবে, ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ জলবায়ু প্রকল্পে ১২ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে, বিপরীতে অনুদান পেয়েছে মাত্র ২৬৮ মিলিয়ন ডলার। ক্ষয়ক্ষতি তহবিলেও প্রতিশ্রুত ৮২২ মিলিয়ন ডলারের মধ্যে ছাড় হয়েছে মাত্র ৪১৪ মিলিয়ন ডলার। অথচ বার্ষিক প্রয়োজন ৪০০ বিলিয়ন ডলারের কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। এই চিত্রই বলে দেয়, আন্তর্জাতিক প্রতিশ্রুতির তুলনায় বাস্তব অর্থায়ন কতটা অপ্রতুল।
এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ নভেম্বর কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের বদলে অনুদানের আহ্বান জানান এবং পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তোলেন। এর মধ্যে ছিল আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ, ঋণের চাপ কমাতে ডেট-ফর-ক্লাইমেট সোয়াপের মতো ব্যবস্থা, জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ। বাংলাদেশের বাস্তবতার সঙ্গে দাবিগুলো সংগতিপূর্ণ। তবে শুধু দাবি জানালেই হবে না, এর পক্ষে সুনির্দিষ্ট হিসাবও তুলে ধরতে হবে। অভিযোজন কার্যক্রমে বাংলাদেশের বছরে ৮ দশমিক ৫ থেকে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন, অথচ অর্থায়ন পাওয়া যাচ্ছে মাত্র ১ দশমিক ২ বিলিয়ন ডলারের মতো। এই ঘাটতি ও অর্থের যথাযথ ব্যবহারের পরিকল্পনা তুলে ধরতে পারলে বাংলাদেশের দাবি আরও জোরালো হবে।
আনতালিয়ার আলোচনায় বাংলাদেশের পানি সংকটও গুরুত্ব পাওয়া দরকার। ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে প্রতি ১০ দিন পরপর পানি ভাগ হয়। প্রবাহ ৭০ হাজার কিউসেক বা কম হলে দুই দেশ সমান পানি পায়। চুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ নবায়নের অনুরোধ জানালেও ভারত এখনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি বলে এএফপি জানিয়েছে। ভারত বলছে, নদী-সংক্রান্ত আলোচনা বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামো, অর্থাৎ যৌথ নদী কমিশনের মাধ্যমেই চলছে। অন্যদিকে বাংলাদেশ নতুন বাস্তবতা বিবেচনায় নতুন চুক্তি চায়, যেখানে পানির ন্যূনতম প্রাপ্যতা নিশ্চিত থাকবে। পানিসম্পদমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ১৯৭৭ সালের চুক্তিতে এমন নিশ্চয়তা ধারা থাকলেও ১৯৯৬ সালের চুক্তিতে তা বাদ পড়ে।জলবায়ু পরিবর্তনের কারণে ১৯৯৬ সালের গঙ্গা চুক্তির পানিপ্রবাহের হিসাবও নতুন করে বিবেচনা করা জরুরি। হিমবাহের পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত ও তাপমাত্রা বৃদ্ধি নদীর স্বাভাবিক প্রবাহে প্রভাব ফেলছে। তাই অতীতের হিসাব দিয়ে ভবিষ্যতের পানিবণ্টন নির্ধারণ যথেষ্ট নয়। নতুন চুক্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ন্যূনতম পানির নিশ্চয়তা এবং দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়ের ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি পুরো গঙ্গা অববাহিকার পানিসম্পদ ব্যবস্থাপনাকেও গুরুত্ব দিতে হবে।
পানির সংকটের প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলে দীর্ঘদিনের। গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় একসময় ৯৫৫ বর্গকিলোমিটার জমিতে সেচ দেওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমানে তা কমে প্রায় ৫৫০ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। পানির অভাবে নদী ও খালও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যে। রাজশাহীর বরেন্দ্র অঞ্চল থেকে পদ্মার চরাঞ্চল পর্যন্ত কৃষকের কাছে পানির সংকট কোনো কূটনৈতিক বিষয় নয়। সময়মতো সেচ না পেলে ফসলের উৎপাদন কমে, বাড়ে কৃষির খরচ। নদীভাঙনে ঘরবাড়ি হারানো মানুষের কাছে এসব সংকটই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম বাস্তবতা।
আমার বিবেচনায়, আনতালিয়ায় প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু অর্থায়নের দাবিই প্রাধান্য পেয়েছে, এবং সেটি যথার্থ। এখন প্রয়োজন এই দাবির সঙ্গে গঙ্গার পানির প্রশ্নটিকে একই যুক্তির সুতোয় বাঁধা। প্রথমত, জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশ ঐতিহাসিকভাবে বেশি দায়ী, তাদের আর্থিক দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন বাড়াতে হবে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনায় জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতাকে স্বীকার করতে হবে। নদীর পানির হিসাব কেবল অতীতের প্রবাহের ওপর নির্ভর করে নির্ধারণ করা যাবে না। দুটি বিষয়ের মধ্যে যোগসূত্র রয়েছে। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে পানির প্রাপ্যতা ও প্রবাহের ধরন বদলে যাচ্ছে, আর তার প্রভাব পড়ছে অভিন্ন নদীর ওপর নির্ভরশীল দেশগুলোর অর্থনীতি ও জনজীবনে। বাংলাদেশ এই বাস্তবতা আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিকভাবে তুলে ধরতে পারলে তার দাবির একটি সুসংগত ভিত্তি তৈরি হবে।
আন্তর্জাতিক মঞ্চে দাবি তোলার পাশাপাশি দেশের ভেতরেও জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিদেশি অর্থায়ন পেলেই ক্ষতিগ্রস্ত মানুষের উপকার হবে না, যদি তা উপকূল, চরাঞ্চল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে না পৌঁছায়। শুধু বাঁধ নির্মাণ নয়, কৃষি, পানি ব্যবস্থাপনা, লবণাক্ততা সহনশীল ফসল ও বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনেও অর্থ ব্যয় জরুরি। নিজস্ব তহবিলের ব্যবস্থাপনাও প্রশ্নমুক্ত নয়। একটি সংগঠনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রায় ৮৭৩ কোটি টাকা পদ্মা ব্যাংকে আটকে আছে। এই অর্থ উদ্ধারের উদ্যোগ ও দায় নির্ধারণে স্বচ্ছতা প্রয়োজন। নিজেদের অর্থের হিসাব পরিষ্কার না থাকলে আন্তর্জাতিক অর্থায়নের দাবি দুর্বল হয়ে পড়বে।
আনতালিয়ার সম্মেলন শেষ হবে ২০ নভেম্বর। সেখানে নতুন প্রতিশ্রুতি ও লক্ষ্য ঘোষণা হতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য সম্মেলনের সাফল্য নির্ভর করবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের ওপর। একইভাবে ১২ ডিসেম্বরের পর গঙ্গা চুক্তির ভবিষ্যৎও গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন পানিবণ্টন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে নদী ও কৃষিনির্ভর মানুষের সংকট আরও বাড়বে। তাই আনতালিয়ায় বাংলাদেশের দাবি শুধু জলবায়ু অর্থায়ন নয়, পানির ন্যায্য হিস্যাও। শেষ পর্যন্ত দুটি বিষয়ই বাংলাদেশের মানুষের নিরাপদ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের সঙ্গে জড়িত।
লেখক: প্রাবন্ধিক ও বিশ্লেষক