রাবি অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড

বিচার দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের তিনদিনের কর্মসূচি

রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আগামী ২ মে থেকে ৪ মে তারা এ কর্মসূচি পালন করবেন।
মঙ্গলবার বিকেলে ঢাকায় সমিতির কার্যকরী সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনদিনের কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন ২ মে সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, পরদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী সমাবেশ এবং ৪ মে স্বারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান।
গত শনিবার নিজ বাড়ি থেকে একটু দূরে বিশ্ববিদ্যালয় আসার পথে অধ্যাপক রেজাউল করিমকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন এই অধ্যাপক রেজাউলের ছেলে বাদী হলে বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা করে। এখন পর্যন্ত মামলার ‘দৃশ্যমান’ অগ্রগতি না হওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
/টিএন/