নরসিংদীর রায়পুরার ২৩ ইউনিয়নে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, কালিসহ নানা সরঞ্জাম।
শুক্রবার দুপুর থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে পুলিশি পাহারায় ২১৫ কেন্দ্রে এসব সরঞ্জাম নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা।
ভোটের দিন যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ৭ মে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে ৬ জন সশস্ত্র ২০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
এছাড়া নির্বাচনি মাঠে থাকবে র্যাব, বিজিবির ভ্রাম্যমাণ আদালতসহ স্ট্রাইকিং ফোর্স।
আরও পড়ুন: আবারও পশ্চিমা চাপে সরকার, ইস্যু আইএস
প্রসঙ্গত, চতুর্থ ধাপে রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নের মধ্যে একটিতে সীমানা জটিলতায় ভোট হবে না। বাকি ২৩টিতে নির্বাচন হবে। এর মধ্যে রাধানগর ও চান্দেরকান্দি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী। এছাড়া সংরক্ষিত সদস্য পদে মোট দু’জন ও সাধারণ সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৮৮ জন, সাধারণ সদস্য পদে ৬১১ জন ও সংরক্ষিত সদস্য পদে ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ২৫০ জন।
/এসটি/