মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী মিশুক মুনিরসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ২৪তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবির তৎকালীন বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আবদুস সাত্তারের সাক্ষ্য নেন।
আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে বাস চালক জামির হোসেনের অনুপস্থিতিতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। সরকার পক্ষের এপিপি আফসারুল ইসলাম মনি ও একেএম নুরুল হুদা রুবেল সাক্ষীকে জেরা করেন। বিচারক আসামি জামির হোসেনকে আগামী বুধবার সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
এ দিন সাক্ষীকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাধব সাহা। এ মামলায় মোট ৩৯ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে।
২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন নামের একটি বাসের সঙ্গে তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মিশুক মুনির, তারেক মাসুদ, মোতাহার হোসেন, জামাল হোসেন এবং মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান নিহত হন।
/এসএনএইচ/টিএন /
আরও পড়তে পারেন: