নীলফামারীতে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ

নীলফামারীর ডোমারে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমানের বিরুদ্ধেই গাছ চুরির অভিযোগ করা হয়েছে। ডোমার বনবিভাগের সদর বিট কর্মকর্তা কামাল পাশা ডোমার থানায় এ বিষয়ে একটি অভিযোগও দায়ের করেছেন।
গাছ চুরিডোমার থানা পুলিশ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় নিতাই কাঠ ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া গাছের কাঠ উদ্ধার করেছে। উদ্ধার করা কাঠের মূল্য প্রায় ২০ হাজার টাকা।
অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ মে কালবৈশাখী ঝড়ে ডোমারের মির্জাগঞ্জে বনবিভাগের একটি বিশাল আকারের শিশু গাছ উপড়ে যায়। সেই গাছটি গত ২৫ মে সেখান থেকে রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমান ডোমারের আন্ধারুর মোড়ের রবিউল ইসলামের করাত কলে নিয়ে ফার্নিচার তৈরির কাঠ বানান। পরে ওই কাঠগুলো নিতাই কাঠ ফার্নিচারের দোকানে মজুদ করা হয়েছিলো।

ডোমার উপজেলা রেঞ্জ কর্মকর্তা (ফরেস্টার) সহিদুর রহমান জব্দ করা কাঠগুলো তার বলে স্বীকার করেছেন। তবে চুরির ঘটনাকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, গাছটি পঞ্চগড়ের দেবীগঞ্জে নিলামে বিক্রি হয়েছিল। আমার এক আত্মীয় গাছটি ক্রয় করেছে। গাছ ক্রয়ের সব বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভোটের আগের সন্ধ্যায় সংঘর্ষে যুবক নিহত
/এমও/