আশুলিয়ায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা, যুবকের লাশ উদ্ধার

সাভারআশুলিয়ার জামগড়া এলাকায় নিজ বাসার সামনে তৈরি পোশাক কারখানার  শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় ওই হত্যকাণ্ড সংঘটিত হয়।
জানা গেছে, নিহত সুমন শিকদার (৩০) জামগড়া কাঁঠালতলা এলাকার আফতাব আলী শিকদারের ছেলে। তিনি স্থানীয় ‘দি রোজ ড্রেসেস’ পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সুমন প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে সুমনের চিৎকারে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু  স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই ব্যাপারে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শামিম বলেন, ‘নিহতের কাঁধে, পিঠে, পেটে ও পায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। দেখে মনে হয়েছে, তাকে চাপাতি, রামদা কিংবা চাইনিজ কুড়াল দিয়ে কোপানো হয়েছে।’ হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয় বলে তিনি জানান।
এদিকে, আশুলিয়ার জামগড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এই ব্যাপারে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এই ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন:

গোপালগঞ্জে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে বখাটের কারাদণ্ড

আয়োডিনবিহীন লবণ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

/জেবি/এসএ/এপিএইচ/