বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারতীয় ভিসা আরও সহজ করা হবে। আগামীতে সিলেটে নতুন একটি ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন করা হবে। মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সিলেট বিভাগে দুই দিনের সফরের অংশ হিসেবে তিনি মৌলভীবাজার যান। সেখানে ভারতীয় অর্থায়নে নির্মিত মণিপুরী কালাচারাল কমপ্লেক্স পরিদর্শন করেন এবং তার সম্মানে আয়েজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতের ভিসা আরও সহজ করা হবে। এজন্য আগামীতে সিলেট শহরেও নতুন করে একটি ভিসা কেন্দ্র স্থাপন করা হবে। ভারতের সঙ্গে নেপালের ভিসা মুক্ত যাতায়াতের মত বাংলাদেশেও ভারতে চালু হবে কিনা এ প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, এটি দুই দেশের উচ্চ পর্যায়ের চিন্তা ভাবনার বিষয়। তবে একটি কথা বলা যায়, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ট হবে। আগামীতে দ্রুততম সময়ের কুলাউড়া-শাহবাজপুরের সাথে ভারতের রেল যোগাযোগ চালু হবে। গত সোমবার সরেজমিন তারা এ অঞ্চল সফর করেছেন। এখন রেলপথের নতুন করে নক্সার কাজ চলছে বলেও তিনি জানান।
অনুষ্ঠান শেষে ভারতীয় হাই কমিশনার মণিপুরী কালচারাল কমপ্লেক্সের লাইব্রেরি, আইসিটি সেন্টার, মিউজিয়াম, নারী তাঁতকেন্দ্র, ডরমেটরি পরিদর্শন করেন।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ) ড. সুমিত জেরাথ, বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, ভারতীয় হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারি (অর্থ ও প্রকল্প) গিনা উইখা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, মণিপুরী সাংস্কৃতিক পরিষদের সভাপতি চন্দ্রর্কীতি সিংহ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নীল চাঁদ সিংহ প্রমুখ।
এ সময় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন, কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাবুল আক্তারকে নিয়ে খবরে আমি নির্বাক: মনিরুল ইসলাম
/এফএস/আপ-এমও/