মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ

ফেনীতে ৭ ঘণ্টা পর বিকল্প পথে রেল ও যান চলাচল শুরু

ফেনীপ্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেনীতে আবার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। বিকল্প পথ ব্যবহার করে ট্রেন ও যানবাহন চলাচল শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এলাকায় মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত  ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ও ট্রাকটি রেল লাইনের ওপর পড়ে থাকায় যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন ও ট্রাকের উদ্ধারকাজ শুরু হয়। বেলা সাড়ে ১০টার দিকে বিকল্প পথে ট্রেন ও যানবাহন চলাচল শুরু হয়।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর ফেনীর বিভিন্ন স্টেশনে তুর্ণা নিশিতা, ঢাকা মেইল, বিজয় এক্সপ্রেস আটকা পড়ে।

তিনি জানান, ট্রেনের ইঞ্জিন উদ্ধারে সাড়ে ৯টার দিকে চট্রগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন এসে পৌঁছার পর ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়। রেলের আপ লাইনে উদ্ধার কাজ চলে এবং ডবল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। মহাসড়কেও বিকল্প পথে যান চলাচল শুরু করা হয়।

প্রায় ২০ কিলোমিটার যানজট তৈরি হলেও ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে আসে।  

আরও পড়ুন-

টঙ্গীতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে র‌্যাবের অভিযান, জেএমবি'র দক্ষিণাঞ্চল প্রধানসহ ৪ জঙ্গি আটক

জঙ্গি হামলার ঝুঁকিমুক্ত নয় মসজিদ-মাদ্রাসা-দরগা

নিখোঁজ তরুণদের নিয়ে চুপ থাকার পরামর্শ জঙ্গি পাতায়!

/এফএস/