টাঙ্গাইলে বোমা তৈরির সরঞ্জামসহ দুই জেএমবি সদস্য আটক

 

আটক দুই জেএমবি সদস্য

টাঙ্গাইলের কালিহাতী থেকে বোমা তৈরির সরঞ্জামসহ জেমএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার ভোর রাতে উপজেলার এলেঙ্গা ও বল্লভবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ি এলাকার জুয়েল মিয়া (২৬) এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগরা কলোনী এলাকার আবু সাইদ ওরফে সবুজ (২৪)।

তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, একটি চাপাতি, একটি মোবাইল ফোন, বোমা তৈরির বর্ণনা সম্বলিত খাতা, জিহাদি বই, প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রমের ভিডিও সম্বলিত মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

Tangail JMB pic-1টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও স্পেশাল টাস্ক গ্রুপ (এসটিজি) সদস্যরা এলেঙ্গা বাসস্ট্যান্ট এলাকা থেকে মঙ্গলবার রাতে জুয়েল মিয়াকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, তার সহযোগীরা বল্লভবাড়ির একটি ভাড়া বাসায় বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ ও দেলাদুয়ার থানা পুলিশের ওসি (তদন্ত) এর নেতৃত্বে অফিসার ও সঙ্গীয় ফোর্সরা বুধবার রাত আড়াইটার দিকে বল্লভবাড়ি এলাকার ওই বাসায় অভিযান চালায়। সেখান থেকে আবু সাইদ ওরফে সবুজকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ওইসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জেএমবি সদস্যরা আরও জানায়, তাদের এই গ্রুপের দলনেতা গোপালপুর উপজেলার মোসলেম ওরফে সোহেল (২৫) মঙ্গলবার সন্ধ্যায় সাংগঠনিক কাজে বাসা থেকে বাইরে বের হয়ে যায়। তারা নাশকতার জন্য এই বাসা ভাড়া নিয়ে বোমা তৈরি করছিল বলেও স্বীকার করেছে বলে  জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার আরও জানান, পলাতক সোহেলকে আটকে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে কালিহাতী থানায় সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।

/বিটি/এপিএইচ/

আরও পড়ুন:

ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন ড. ইউনূস