ক্ষেতলালে ৬০ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার

জয়পুরহাটজয়পুরহাটের ক্ষেতলাল পৌর সদরের রসালপাড়া মহল্লায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো একটি বাড়ি ঘেরাও করে ৬০ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার করেছে  বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি)এর ২০ ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার বিকেল তিনটা থেকে দুই ঘন্টা অভিযান চালিয়ে ওই কাপড় উদ্ধার করা হয়। বাড়ির মালিক তুহিন ইসলাম পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। বিজিবির স্থানীয় অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়পুরহাট ২০ বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল তিনটার দিকে বিজিবি সদস্যরা রসালপাড়া মহল্লার ওই বাড়িটি ঘেরাও করে। এ সময় বাড়িতে কোনও লোক ছিল না। বিজিবি সদস্যরা বাড়ির তালা ভেঙে ভারতীয় শার্ট ও প্যান্ট পিসের ১৮টি গাইট উদ্ধার করেন। পরে গাইটগুলো বিজিবির জয়পুরহাট ক্যাম্পে নেওয়া হয়। মামলা দায়েরের পর ভারতীয় এই কাপড় দিনাজপুরের হিলি হাকিমপুর শুল্ক গুদামে নেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
অভিযানের সময় ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় মালামালের অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা তুহিন ইসলাম। এর আগেও ট্রাকসহ একাধিকবার তার কাপড়ের চালান ধরা পড়েছে বলে সূত্রের দাবি।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ‘অবৈধভাবে ভারতীয় প্রায় ৬০ লাখ টাকার শার্ট ও প্যান্ট পিস ক্ষেতলালের রসালপাড়া মহল্লার তুহিন ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর মালামালগুলো  হিলির হাকিমপুর শুল্ক গুদামে জমা দেওয়া হবে।’

এপিএইচ/
আরও পড়ুন: 
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী কাতার, সংযুক্ত আরব আমিরাত