রামপাল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: নসরুল হামিদ

Biddut Montry Photo 27.01পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। অনেক গুজব রটিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রকে রুখে দিয়ে সরকার পদ্মা সেতুর কাজ এগিয়ে নিচ্ছে।  ষড়যন্ত্রকারীরা এখন নতুন করে রামপাল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বর্তমান সরকার এ বিষয়ে বদ্ধপরিকর। ইতোমধ্যেই রামপালের কাজ শুরু হয়ে গেছে,সময় মতোই শেষ হবে।

শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন শেষে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

রামপাল রক্ষা আন্দোলনে শাহবাগে পুলিশি হামলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এভাবে হামলা করা পুলিশের মোটেও উচিত হয়নি। এর জন্য আমরা সত্যিই দুঃখিত ।’ 

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে  আয়োজিত বিদ্যুৎ গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে রাজশাহীর বাগমারা অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে  বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হবে।’

এসময় তিনি  আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় এই অঞ্চলে মাত্র ১৭ ভাগ মানুষ বিদ্যুত সুবিধা পেতো। আমরা তা বাড়িয়ে ৮৫ ভাগে নিয়ে গেছি। এই এলাকায় কৃষি, মৎস্য ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, তা দেশের অনেক স্থানেই হয়নি। ’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করেছেন। বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক রাজশাহী শহরে একটি পোশাক কারখানা স্থাপনের প্রক্রিয়া শুরু করেছেন, সেখানে ১০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।’

দেশে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য এলাকায় এক হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।’

বাগমারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজশাহী জজকোর্টের পিপি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।

এর আগে প্রতিমন্ত্রী হাটগাঙ্গোপাড়ায় স্থাপিত ১০ মেগাওয়াট বিদ্যুতের সাবস্টেশনের উদ্বোধন করেন। বেলা সাড়ে ১২টার দিকে তিনি হেলিকপ্টারযোগে বাগমারা উপজেলার ভবানীগঞ্জে আসেন। এসময় তিনি ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন।

/এপিএইচ/