কুমিল্লা সিটি মেয়রের দায়িত্ব হস্তান্তর

কুমিল্লায় মেয়রের বিদায় ও নবনিযুক্ত প্রশাসকের বরণ অনুষ্ঠানকুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র মনিরুল হক সাক্কু তার মেয়াদের পাঁচ বছর পূর্ণ করে বুধবার (৮ ফেব্রুয়ারি) নগর ভবন থেকে বিদায় নিয়েছেন। এসময় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।
২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু। তার মেয়াদ শেষ হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়।
বুধবার বিকালে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সিটি মেয়র ও কাউন্সিলরদের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত প্রশাসককে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সিটি মেয়র মনিরুল হক সাক্কু, সিটি কর্পোরেশনের সচিব মো. হেলাল উদ্দিন, মেয়র পত্নী আফরোজা জেসমিন, মেয়রের মেয়ে সানজিদা হক নিসাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এসব কাজে ত্রুটি থাকতে পারে। তবে আমরা উন্নয়নের যে গতি সৃষ্টি করেছি এটা চলমান থাকলে ২০২০ সালের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন উন্নত সিটিতে রূপান্তরিত হবে।’
নবনিযুক্ত সিটি প্রশাসক ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম অনুষ্ঠানে বলেন, ‘তিনি (বিদায়ী মেয়র) ছিলেন নির্বাচিত মেয়র, আর আমি প্রজাতন্ত্রের কর্মচারী। দু’জনের কাজের মধ্যে পার্থক্য থাকবেই। তবে যেসব চলমান প্রকল্পগুলো অব্যাহত থাকবে। বিশেষ করে পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না।’

আরও পড়ুন-

নিজ দেশেই ফিরতে চান রোহিঙ্গারা

ছাত্রলীগ নেতার পুরো নাম না জানায়...



/টিআর/