এক বছর ধরে জনপ্রতিনিধি নেই বাঘুটিয়ার ৭নং ওয়ার্ডে

মানিকগঞ্জমানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নির্বাচিত ৭নং ওয়ার্ডের শূন্য সদস্য পদে প্রায় এক বছরেও হয়নি পুনঃনির্বাচন। এতে এলাকার সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ওই ওয়ার্ডে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জেলা নির্বাচনি কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
জানা গেছে, ২০১৬ সালের ৩১ মার্চ বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হন মো. সফিজ উদ্দিন। কিন্তু নির্বাচনের গেজেট প্রকাশের আগেই মৃত্যুবরণ করেন তিনি। কোনও নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যু হলে তার পদে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকলেও এখন পর্যন্ত ওই ওয়ার্ডে কোনও নির্বাচন হয়নি এবং শূন্য রয়েছে ওয়ার্ডের সদস্য পদ।
স্থানীয় বাসিন্দা হারুনার রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওয়ার্ড সদস্য না থাকায় গত এক বছরে আমাদের এলাকায় কোনও কাজ হয়নি। ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছে ওয়ার্ডের দরিদ্ররা। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় আমাদের সমস্যা কারও কাছে বলতে পারছি না।’
বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৭নং ওয়ার্ডে সদস্য পদ শূন্য থাকায় পরিষদ পরিচালনা করতে সমস্যা হচ্ছে। এছাড়া ওই এলাকার মানুষকেও দুর্ভোগের পোহাতে হচ্ছে।’ ৭নং ওয়ার্ডে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কর্মকর্তার তিনি চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন। পুনঃনির্বাচনের দাবিতে ওয়ার্ডের বাসিন্দারা সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাঘুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আশ করছি, নতুন নির্বাচন কমিশন হয়তো শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করবে।’

আরও পড়ুন-

যশোরের শার্শায় ৮টি তাজা হাতবোমাসহ গ্রেফতার ৫

অর্থ আত্মসাৎ মামলায় বরিশাল যুবলীগ নেতা কারাগারে

/টিআর/