শজিমেকের সঙ্গে কর্মবিরতিতে আরও পাঁচ মেডিক্যালের ইন্টার্নরা

শজিমেকে ইন্টার্নদের ধর্মঘটবগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে শজিমেকের পাশাপাশি দেশের আরও পাঁচ মেডিক্যালের ইন্টার্নরা কর্মবিরতি পালন করেছেন। শনিবার সকাল থেকে এই পাঁচ মেডিক্যালের ইন্টার্নরা কর্মবিরতি পালন করেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হলো।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ‘স্বেচ্ছা অবসর’ কর্মসূচি পালন করেছেনখুলনা:

বগুড়ায় ৪ ইন্টার্ন চিকিৎসককে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ‘স্বেচ্ছা অবসর’ কর্মসূচি পালন করেছেন। শনিবার সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শহীদ মিনার পাদদেশে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ঠুন কুমার পাল জানান, বগুড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ইভটিজিংকারীদের প্রহার করেছিল ৪ ইন্টার্ন চিকিৎসক। কিন্তু অনৈতিক কাজের বিষয়টি গুরুত্ব না দিয়ে প্রহারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ওই ৪ জনকে প্রভাবশালী চক্র শান্তির সিদ্ধান্ত নিতে বাধ্য করায়। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মসূচি পালন করে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে এখানকার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ওই বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদেরও ডাকা হয়েছিল।’

দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেনদিনাজপুর:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতি পালন করেছেন। শনিবার সকাল থেকে হাসপাতালের কাজে যোগ দেননি প্রায় দেড়শত ইন্টার্ন চিকিৎসক।

দিমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সরল চন্দ্র রায় জানান, ধর্মঘটের ফলে উদ্ভুদ পরিস্থিতি সামাল দিতে বিভাগীয়সহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোগীর সেবায় চিকিৎসা কার্যক্রম সচল রাখতে জরুরি ইউনিট খোলা প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম আশফিকার সামস্ জানান, যদি পুনরায় তদন্ত করে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হয়, তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসবো।

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম)বরিশাল:
বগুড়ায় ৪ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া শাস্তির প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার সকাল থেকে কাজে যোগ দেননি তারা।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সিরাজুল ইসলাম জানান, ইন্টার্নদের কর্মবিরতিতে বরিশালের এই হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হয়নি। তাদের পর্যাপ্ত চিকিৎসক ও ভালো ব্যবস্থাপনা রয়েছে।

শেবাচিম হাসপাতালের বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. অনুপ সরকার বলেন, ‘শজিমেক’র ইন্টার্নদের শাস্তি প্রত্যাহারের দাবিতে ডাকা এ কর্মবিরতিতে যোগ দিয়েছেন বেশিরভাগ সমর্থনকারীই।’

তবে সাধারণ ইন্টার্নরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে তাদের বেশিরভাগই শুক্রবার থেকে ঢাকায় রয়েছেন। এ কর্মসূচির বিষয়ে তারা এখনো কিছু জানেন না।

রাজশাহী:

দেশের অন্যান্য মেডিক্যালের মতো রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন। শনিবার সকাল ৮টা থেকে তারা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র আবু রায়হান বলেন, ‘বগুড়ার ঘটনার প্রতিবাদে শনিবার (৪ মার্চ) সকালে রামেকের সামনে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছেন। এরপরে দুপুর ১২টা থেকে আল্টিমেটাম দিয়ে ৭২ ঘণ্টার কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর মধ্যে যদি দাবি না মানা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন ইন্টার্নরা।

সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজসিরাজগঞ্জ :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধিস্থ হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন তারা। মানববন্ধন শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আশরাফুল ইসলাম শুভ্র সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন, ইন্টার্ন ডাক্তার ডা. সুলতানা ইয়াসমিন, ডা. মামুনর রশিদ. ডা. কৃষ্ণ চন্দ্র দাস ও ডা. মাহমুদা হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, সেজন্য সরকার একপেশে সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রতিবাদে আমরা মাঠে নেমেছি।

উল্লেখ্য, সিরাজগঞ্জের এক রোগীর স্বজনদের সঙ্গে মারধরের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় চার ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করেছে। পরবর্তীতে তাদের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করতে হবে।  বৃহস্পতিবার (২ মার্চ) মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত জানাজানি হলে ইন্টার্নরা ক্যাফেটেরিয়ায় জরুরি সভা করেন। এরপর সন্ধ্যা থেকে তারা অঘোষিত কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হতে শুরু করে।

/এমডিপি/