মাগুরায় তিন মাস ভাতা পাচ্ছেন না মুক্তিযোদ্ধারা

মাগুরামাগুরায় তিন মাস যাবৎ ভাতা পাচ্ছেন না মুক্তিযোদ্ধারা। এতে পরিবার নিয়ে তীব্র কষ্টে দিন কাটাচ্ছেন জেলার দেড় সহস্রাধিক মুক্তিযোদ্ধা।
মাগুরা সমাজসেবা অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৬১১ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৮১ জন, শ্রীপুরে ৬৩২ জন, মোহাম্মদপুরে ৩৮২ জন এবং শালিখায় ১১৪ জন। এসব মুক্তিযোদ্ধারা গত তিন মাস ধরে সরকারের দেওয়া ভাতা না পাওয়ায় অমানবিক জীবনযাপন করছেন।
শহরের থানাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা কামরুল হাসান বলেন, ‘গত তিন মাস যাবৎ আমরা ভাতা পাচ্ছি না। আমার পাঁচ সদস্যের পরিবার এই ভাতার উপর নির্ভরশীল। সামনে অন্ধকার ছাড়া এখন কিছুই দেখতে পাচ্ছি না।’
মুক্তিযোদ্ধা হূমায়ূন কবির জানান, তিনমাস যাবত ভাতা পাচ্ছি না। কর্তৃপক্ষের কাছে জেনেছি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য তা বন্ধ রাখা হয়েছে। এটি অবিলম্বে চালু না হলে আমরা কিভাবে সংসার চালাব জানি না।
মাগুরা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মাহেনুল হক জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত এবং জোর চেষ্টা চালাচ্ছি যাতে করে তারা অবিলম্বে এ ভাতা পেতে পারেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুওয়াত বলেন, ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য নয়, মূলত তহবিল সংক্রান্ত জটিলতার জন্যই এ সমস্যার সৃষ্টি হয়েছে। আশা করছি শিগগিরিই এ সমস্যার সমাধান হবে।

/এমও/