কী হবে শিশুটির?

জঙ্গি আস্তানা সাধনকুটির, এখান থেকে গ্রেফতার করা দুই জঙ্গির সঙ্গে ছিল শিশুটি

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকায় ‘সাধনকুটির’ নামের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার শিশুটিকে এক নারী পুলিশ সদস্যের জিম্মায় রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তিন মাস বয়সী ওই শিশুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (১৭ মার্চ) বাংলা ট্রিবিউনকে এসব কথা জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) রেজাউর রহমান রেজা। তিনি বলেন, ‘শিশুটিকে আপাতত এক নারী পুলিশের কাছে রাখা হয়েছে। আটক দুই জঙ্গির সঙ্গে আজ (শুক্রবার) তাকে আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশ মেনে তার ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে।’

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুর-এ আলম  মিনাও বাংলা ট্রিবিউনকে একই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ওই শিশুর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। যদি অনুসন্ধানে দেখা যায় যে শিশুটি আটক  জঙ্গি দম্পতির সন্তান, তবে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ আদালতে দেওয়া হবে। এরপর আদালত শিশুটির ব্যাপারে যা বলবে তাই করা হবে।’

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যার পর জঙ্গি আস্তানা সন্দেহে সাধনকুটিরে অভিযান চালায় পুলিশ। সেখানে আরজিনা ও জসিম নামের দুই জঙ্গিকে আটক করা হয়। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। আকটকৃতরা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেয়। তখন তাদের সঙ্গে থাকা ওই শিশুকেও উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, গানপাউডার, বোমা তৈরির বিপুল সরঞ্জাম।

/এমএ/এএআর/