কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী এই মানুষটির পছন্দ-অপছন্দ নিয়ে নানা ধরনের আলোচনা থাকলেও ভোটকেন্দ্র থেকে বের হয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি নৌকায় ভোট দিয়েছি।’
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।
এরপর কেন্দ্র থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি নৌকায় ভোট দিয়েছি। যদিও বলা ঠিক না যে কিসে ভোট দিলাম। কিন্তু, আমি রাজনীতি করি। আমার প্রার্থী নৌকা মার্কার। তাই আমি বলছি, আমি নৌকায় ভোট দিয়েছি। অবশ্যই নৌকা জিতবে।’
তিনি দাবি করেন, এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
এই সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন সুষ্ঠু করার নির্দেশ দিয়েছেন। অসুষ্ঠু নির্বাচন করার ইঙ্গিত তিনি কোনও পর্যায়ের কাউকে তিনি দেননি। কারণ, কুমিল্লাকে আমরা মাগুরা বানাতে চাই না।
তিনি বলেন, যদি কোথাও দখল-বেদখলের কোনও ঘটনা ঘটে থাকে তাহলে এর দায় দায়িত্ব নির্বাচন পরিচালনার কাজে সংশ্লিষ্ট সবাইকেই নিতে হবে।
নির্বাচন শেষ হওয়ার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এ সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, কুমিল্লার রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি দুই ঘরানায় বিভক্ত। এর একটি অংশ সাবেক সংসদ সদস্য আফজল খান ও অপর অংশ বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নিয়ন্ত্রণে। সিটি করপোরেশন নির্বাচনে আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ায় বাহাউদ্দিনের সমর্থকরা তার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে না এমন অভিযোগ আওয়ামী লীগ সমর্থকদের মুখে মুখে। তারা সংসদ সদস্য বাহারের নির্দেশে ১৮টি ওয়ার্ডের আওয়ামী লীগের কমিশনার প্রার্থীদের জন্য কাজ করছে এমন কথাও রয়েছে। এ নিয়ে বাংলা ট্রিবিউনে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
/টিএন/