সম্মিলিত চেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

জনসংখ্যার বিচারে বাংলাদেশকে পৃথিবীর তরুণতম দেশ বলে দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘১৯৮৫ সালের দিকে এদেশ ছিলো বিশ্বে দ্বিতীয় দরিদ্রতম। আর এখন পৃথিবীর ৪২তম অর্থনৈতিক শক্তিধর দেশ। এ অগ্রযাত্রাকে সম্মিলিত চেষ্টায় এগিয়ে নিতে হবে।’

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীতে সিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, ‘আমরা ভুল সময়ে বেড়ে ওঠা প্রজন্ম। স্বাধীনতার ইতিহাস আমাদের প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের সত্যিকারের ইতিহাস তুলে ধরতে আমরা এখনও ব্যর্থ হচ্ছি। লাল-সবুজের পতাকা, বঙ্গবন্ধু, ৩০ লাখ শহীদ, অগণিত মুক্তিযোদ্ধা ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের প্রতি সম্মান জানাতে না পারলে মন্ত্রী, ভিসি বা কোনও কিছু হয়েই লাভ নেই।’
তিনি আরও বলেন, ‘৬৯-এর গণঅভ্যুত্থানে রাজশাহীর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছিলেন। একই সময়ে রাজশাহী সিটি কলেজের ছাত্র নুরুল ইসলাম শহীদ হন। এসব ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অগ্রযাত্রায় বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রীর সঠিক দিক-নির্দেশনায় এখন বিনিয়োগ আসছে। এদেশে বড় বড় শিল্প-কারখানা গড়ে উঠবে। সামনের দিনে নতুন নতুন জিনিস আবিষ্কার হবে। বিজ্ঞানের ছাত্ররাই এগুলো করবে। বিজ্ঞানকে প্রথম অগ্রাধিকার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিজাম-উল-আযীম, সিরোইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদসহ অনেকে।
/এমএ/