মহেশখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

হত্যা

কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়। ওই গৃহবধূকে তার স্বামী আলী হোসেন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তাসলিমা আক্তার (২০) মধ্যম ফকিরা ঘোনা গ্রামের আবু ছৈয়দের মেয়ে।

নিহতের মা জান্নাত বেগম ও বাবা আবু ছৈয়দ জানান, ছয় মাস আগে হোয়ানক ইউনিয়নের জামালপাড়ার আবদুল খালেকের ছেলে আলী হোসেনের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। বিয়ের পর তাসলিমা দুই ভরি স্বর্ণ বিক্রির চেষ্টা করেন। এ নিয়ে আলী হোসেন অশান্তি শুরু করেন। এর জের ধরে ১০ দিন আগে আলী হোসেন তাসলিমাকে মারধর করেন। এতে মেয়েকে তারা নিজেদের কাছে নিয়ে আসেন। সোমবার (৮ মে) রাতে স্থানীয় সাবেক মেম্বার আবদুল কবিরের জিম্মায় তসলিমাকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। মঙ্গলবার তাসলিমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাসলিমার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পালিয়ে গেছে।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাক, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী হোসেন তাসলিমাকে খুন করেছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এমএ/