গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহাবুবুর রহমানের সই করা এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, ফৌজদারি জি.আর মামলা নং-১২০/১৬ আদালতে গৃহীত হওয়ায় ৬ নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম নওশাকে সাময়িক বরখাস্ত করা হলো।
এ ব্যাপারে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রহিমা খাতুন জানান, রফিকুল ইসলাম নওশার বরখাস্তের বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিক কোনও আদেশপত্র হাতে পাননি।
প্রসঙ্গত, ২০১৬ সালে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শেষে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নওশা ফল ঘোষণায় অনিয়মের আশংকার অভিযোগ তুলে কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন। পরে ইউএনও, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালান। এতে ১০ জন আহত ও লেবু মন্ডল নামে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়ে মারা যান। এ ঘটনায় রফিকুল ইসলাম নওশাকে প্রধান আসামি করে নাম উল্লেখ করে আরও ৪২ জন ও ৩-৪ হাজার লোককে অজ্ঞাত আসামি করে সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস ও এসআই রামজীবন ভৌমিক বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
/এমএ/