দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ, চলছে ছোট ফেরি

রাজবাড়ীপদ্মায় প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল। নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে সোমবার (১২ জুন) ভোর থেকেই বড় কোনও লঞ্চ চলাচল করতে পারছে না এই রুটে। তবে ছোট আকারের পাঁচটি ইউটিলিটি ও দুইটি কে-টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপারের কাজ চলছে। এতে করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত যান পরিবহন স্বাভাবিক হবে না বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল করপোরেশন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়ার সহ-ব্যবস্থাপক মো. আবু আবদুল্লাহ।
বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, রবিবার (১১ জুন) দিবাগত রাত থেকেই আবহাওয়া প্রতিকূল ছিল। এ কারণে সোমবার ভোর থেকেই বন্ধ হয়ে পড়ে যান পারাপার। এ অবস্থায় দৌলতদিয়া প্রান্তে যাত্রীবাহী কয়েকশ যানবাহন নদী পারাপারের অপেক্ষায় আটকে পড়ে।
বিআইডাব্লিউটিসি দৌলতদিয়ার সহ-ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, ‘নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে বড় কোনও লঞ্চ বা ফেরি চলাচল করতে পারছে না। ছোট আকারের কয়েকটি ফেরি দিয়ে আমরা যান পারাপারের কাজ যতটাসম্ভব চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ পরিস্থিতিতে নৌযান চলাচল স্বাভাবিক কখন হবে, তা আবহাওয়ার ওপর নির্ভর করছে।’
এদিকে, বাংলা ট্রিবিউনের নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে হাতিয়াতেও অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। এর আগে হাতিয়া টাঙ্কিরঘাট  এলাকায় ঝড়ের কবলে পরে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছে। টাঙ্কিরঘাট  বাজার পরিচালনা পরিষদের সেক্রেটারি আব্বাস উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ট্রলার ডুবলেও এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। জেলেরা সবাই নিরাপদে ফিরে এসেছেন। 

/টিআর/