বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি-বহরে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। সোমবার (১৯ জুন) সকাল ১১টার দিকে জেলা বিএনপির নেতাকর্মীরা চৌমুহনা চত্বরে সমবেত হয়ে মিছিল নিয়ে অগ্রসর হতে চাইলে বাধা দেয় পুলিশ। তাদের বাধায় শেষমেশ মিছিলটি পণ্ডই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে জেলা বিএনপির নেতাকর্মীরা চৌমুহনা চত্বরে সমবেত হওয়ার পর পরই মৌলভীবাজার মডেল থানার ওসি’র নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ এসে সেখানে উপস্থিত হয়। এসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে পুলিশি বাধায় মিছিল পণ্ড হয়ে যায়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মৌলভী ওয়ালি সিদ্দেকী, সহ-সভাপতি আব্দুল মুকিত, যুগ্ম-সম্পাদক মো. হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক (সিলেট বিভাগ) আলহাজ্ব মতিন বক্স, সদর থানা বিএনপির সভাপতি মো. আনছার মিয়া, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহমুদুর রহমান, যুবদলের মিজানুর রহমান জিল্লুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সৈয়দ ফয়ছল আহমেদ, ছাত্রদলের আব্দুল হাই পিপলু, জনি আহমেদ, শ্রমিকদল নেতা আজিজুল হক সেলিমসহ অনেকে।
পুলিশের বাধার ব্যাপারে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিচ্ছে। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।’
কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিন বক্স বলেন, ‘পুলিশ সরকারের অগণতান্ত্রিক হুকুম তামিল করতে গিয়ে দেশকে কারাগারে পরিণত করেছে। দেশের প্রতিবাদী মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে।
/এমএ/