মাঝ পদ্মায় দুই ইউটিলিট ফেরির মধ্যে সংঘর্ষ

ফেরি (ফাইল ছবি)পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী বনলতা ও শাপলা শালুক নামের দুই ইউটিলিট ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি, বড় ধরনের কোনও ক্ষতিও হয়নি। যাত্রীরা অভিযোগ করছেন, দুইটি ফেরির কোনোটিতেই লাইট ছিল না। পাটুরিয়া ফেরি সেক্টরের মেরিন বিভাগের ব্যবস্থাপক আব্দুস সাত্তার এ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, কোনও ফেরিতেই ইনচার্জ মাস্টার উপস্থিত ছিলেন না।
পাটুরিয়া ফেরি সেক্টরের মেরিন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এদিন বিকালে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যায় শাপলা শালুক নামের ইউটিলিটি ফেরি। অন্যদিকে, দৌলতদিয়া থেকে ছেড়ে আসে বনলতা ইউটিলিটি ফেরি। মাঝ পদ্মায় বিপরীতমুখী দুই ফেরির মধ্যে সংঘর্ষ হয়।
বনলতা ফেরির মাস্টার লিয়াকত আলী দাবি করছেন, শাপলা শালুক ফেরিটি বনলতা ফেরিকে ধাক্কা দেয়। তিনি ছুটিতে আছেন জানিয়ে বলেন, ফেরিতে থাকা ভারপ্রাপ্ত মাস্টার আশরাফুর রহমান তাকে মোবাইলে এ দুর্ঘটনার খবর জানিয়েছেন। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
শাপলা শালুক ফেরির যাত্রী আল আমিন আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ৮/১০ জন মানিকগঞ্জেরর শিবালয় উপজেলায় এক বিয়ের দাওয়াত খেয়ে দৌলতদিয়া ফেরার জন্য ইউটিলিটি ফেরি শাপলা শালুক ফেরিতে চড়ি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনলতা ফেরির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ফেরিতেই ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে থাকা যাত্রীরা ছিলেন। আমরা ভেবেছিলাম, জীবন নিয়ে তীরে ফিরতে পারব না।’ তিনি জানান, দুই ফেরির কোনোটিতেই লাইট ছিল না।
পাটুরিয়া ফেরি সেক্টরের আব্দুস সাত্তার বলেন, ‘দুইটি ইউটিলিটি ফেরির কোনোটিতেই ফেরির ইনচার্জ মাস্টার উপস্থিত ছিলেন না। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।’

আরও পড়ুন-

স্কুলে মদপান: প্রধান শিক্ষকসহ পাঁচজন কারাগারে

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জাহাজ ‘এমভি একরাম’ বিক্রির চেষ্টা

/টিআর/