শেখ হাসিনাকে আরও ১০ বছর সময় দেওয়ার আহ্বান নাসিমের

ইছামতি ও ঘাটদহ সেতুর উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রীদেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও ১০ বছর সময় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়ন, জঙ্গি দমন, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনও বিকল্প নেই। তার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে উন্নয়নের পথে।’
শনিবার (১ জুলাই) বিকালে নিজের নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল সরকারি প্রাইমারি স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী সড়ক ও জনপথ বিভাগের অধীন শহীদ এম মনসুর আলী সড়কে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ইছামতি ও ঘাটদহ সেতুর উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর ই আলম ও আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
পরে জনসভায় বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘সংবিধানে সহায়ক সরকারের কোনও বিধান নেই। সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ারও কোনও সুযোগ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ীই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে।’ গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।
জনসভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সরবরাহসহ অবকাঠামোগত সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা তার সুদক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে প্রধানমন্ত্রীকে আরও ১০ বছর সময় দিতে হবে।’ এসময় আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেতা ড. জান্নাত আরা হেনরী, মিজানুর রহমান দুদু ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন।

আরও পড়ুন-

কুষ্টিয়ায় চলছে জঙ্গিবিরোধী অভিযান ‘টেপিড পাঞ্চ’

শেরপুরের ভাষাসংগ্রামী টিপু সিং আর নেই


/এনআই/টিআর/