চিকুনগুনিয়া রোধে ৪ কোটি টাকার মশক নিধন ওষুধ ছিটাবে চসিক

আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতিতে মশক নিধন ওষুধ ছিটাচ্ছে চসিক (ছবি- রবিন চৌধুরী)

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (১০ জুলাই) বিকালে নগরীর হেমসেন লেইনের কাঁচাবাজার এলাকায় মশার ওষুধ ছিঁটিয়ে এ প্রোগ্রামের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় তিনি জানান, ক্রাশ প্রোগ্রামের আওতায় আগামী দুই মাস নগরীর বিভিন্ন এলাকায় ৪ কোটি টাকার মশক নিধনের ওষুধ ছিটানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চিকুনগুনিয়া খুবই যন্ত্রণাদায়ক একটি রোগ। সচেতন হলে এ ধরনের রোগ থেকে রক্ষার সুযোগ রয়েছে। করপোরেশন প্রচারপত্র বিলি, মাইকিং এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে। সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় নগরীকে পরিচ্ছন্ন রাখা গেলে রোগবালাই থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘মশক নিধনে আমরা চার কোটি টাকার ওষুধ সংগ্রহ করেছি। মশক নিয়ন্ত্রণ ও নিধনের এ কর্মসূচির আওতায় ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে ২শ’ লিটার সার্ভেসাইড (মশার ডিম ধ্বংসকারী ঔষধ) এবং ৬ শত লিটার এডালটিসাইড (পূর্ণাঙ্গ মশা ধ্বংসকারী ঔষধ) ছিটানো হবে।’

মশক নিধন ওষুধের যন্ত্র নিয়ে প্রস্তুত চসিক কর্মচারীরা (ছবি- রবিন চৌধুরী)

মেয়র বলেন, ‘বাড়ির আঙ্গিনা, স্কুল-কলেজ, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি জায়গায় এডিস মশা জন্ম নিতে পারে। সে সব জায়গা প্রতিনিয়ত পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, ভাঙা বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল, পলিথিন,চিপসের মোড়ক ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়তে পারে। তাই এ সব পাত্রে থাকা পানি ফেলে দিতে হবে। অপ্রয়োজনীয় বা পরিত্যক্ত পানির পাত্র ধ্বংস অথবা উল্টিয়ে রাখতে হবে।’

জামাল খান ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সদস্য বেলাল আহমদ, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহ সভাপতি সাহাবউদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/