খাগড়াছড়িতে নৈশপ্রহরীকে পেটালেন দুই জনপ্রতিনিধি

খাগড়াছড়িখাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের এক নৈশপ্রহরীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন দুই জনপ্রতিনিধি। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও দুই জনপ্রতিনিধির প্রভাবের কারণে শুক্রবার (০৪ আগস্ট) বিকাল পর্যন্ত জানাজানি হয়নি। ঘটনা জানাজানি হলে শুক্রবার বিকালে সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের ভিড় জমে হাসপাতালে।

এই দুই প্রভাবশালী জনপ্রতিনিধি হচ্ছেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসায় থাকা নৈশপ্রহরী ধন বিকাশ ত্রিপুরা শুক্রবার বিকালে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ ৪-৫ জন বাসায় ঢুকে আমার ওপর হামলা করেন। চঞ্চুমনি প্রথমে আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে কাঠের টুকরো নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। তপনসহ অন্যরাও আমাকে মারধর করে। মারতে মারতে তারা আমাকে উপজেলা মাঠে নিয়ে আসলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে একটি বিষয়ে ঝগড়াঝাটি হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই তারা আমার উপর হামলা চালিয়েছেন।’

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, ধন বিকাশ ত্রিপুরার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত কোনও বস্তু দিয়ে তার ওপর আঘাত করায় শরীরের বিভিন্ন স্থান থেঁতলে গেছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছে।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা এবং পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার কাছে বিষয়টি জানতে চাইলে তারা অনেকটা একই সুরে বলেন, ধন বিকাশ ত্রিপুরা অন্যায় করায় তাকে মারধর করেছি। সে কী করেছে জানতে চাইলে তারা প্রশ্নটি ধন বিকাশের কাছে গিয়ে করার পরামর্শ দেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, নৈশপ্রহরী ধন বিকাশ ত্রিপুরার ওপর হামলা হয়েছে বলে শুনেছি। সে সুস্থ হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয় চঞ্চুমনি চাকমা এবং পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হন তপন বিকাশ ত্রিপুরা।

/এএম