জেল গেট থেকে নিখোঁজের তিন দিন পর বিএনপি নেতা আটক

-

জেল গেট থেকে নিখোঁজের তিন দিন পর রবিবার ভোরে জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুরকে আটক  করেছে পুলিশ। তাকে পাঁচবিবির শেখটা এলাকা থেকে তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি পিস্তল, সাতটি ককটেল ও একটি মোটরসাইকেলসহ উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে গফুরকে কারাগারে পাঠানো হয়েছে। 

নাশকতার আট মামলার আসামি আব্দুল গফুর গত ৩ আগস্ট জামিনে বের হয়ে জয়পুরহাট জেল গেট থেকে নিখোঁজ হন।

নিখোঁজের পর তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় গত ৩ আগস্ট ভোর ৬টার দিকে জেল গেট থেকে বের হওয়ার পর তাকে নীল রংয়ের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও পরিবার তাকে উদ্ধার করতে পারেনি। 

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরণ কুমার রায় জানান, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর এলাকা থেকে চারটি মোটরসাইকেলে করে আট ব্যক্তি পাঁচবিবির দিকে আসছিল। তারা জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার শেখটা নামক স্থানে পৌঁছালে টহলরত পুলিশ তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় বিএনপি নেতা আব্দুল গফুরের মোটরসাইকেলে রাখা ব্যাগ থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও সাতটি ককটেল উদ্ধার করলেও অন্যরা তিনটি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় পাঁচবিবি থানার উপ-পরিদর্শক মোখলেছার রহমান বাদী হয়ে গফুরসহ সাত জনকে আসামি করে মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, আসামি আব্দুল গফুরকে ওইদিন জয়পুরহাট জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালতের বিচারক আগামী ৮ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করে, তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   

তবে আব্দুল গফুরের স্ত্রী শাহিদা খানম স্বামীর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, জামিনে বের হওয়ার পর গত ৩ আগস্ট ভোর ৬টার দিকে জয়পুরহাট জেল গেট থেকে তার স্বামীকে ঢাকা মেট্রো-চ-১১-৫৩৮৮ নম্বরের নীল রংয়ের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তিনি ওই দিন রাতেই জয়পুরহাট পুলিশ সুপারকে জানিয়ে ছিলেন। তিনি উদ্ধার করার আশ্বাসও দিয়েছিলেন। অথচ নিখোঁজের তিন দিন পর উদ্ধার দেখিয়ে পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবারও কারাগারে পাঠিয়েছে। 

/জেবি/

আরও পড়তে পারেন: আবারও তুফান ও রুমকির জামিন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি