কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকানোর দাবিতে ডিসি অফিস ঘেরাও

কুড়িগ্রামে বিক্ষোভকুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধ ও স্থায়ী বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন উপজেলাবাসী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে রৌমারী ও রাজিবপুর উপজেলা থেকে নৌকাযোগে ৪ ঘণ্টার নদীপথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম জেলা শহরের মোগলবাসা ঘাটে নেমে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরে প্রবেশ করে দুই উপজেলার প্রায় সহস্রাধিক মানুষ। বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভকারীরা জানান, ব্রহ্মপুত্র নদের বামতীরে রৌমারী ও রাজিবপুর উপজেলার প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক মাসে রৌমারী ও রাজিবপুর উপজেলার অন্তত ৮০০ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের বিভিন্ন দফতরসহ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করেও কোনও কাজ হয়নি। ফলে এ কর্মসূচি পালন করছেন তারা। এসময় নদী ভাঙন থেকে রৌমারী ও রাজিবপুর উপজেলাবাসীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

/এএম