গত ৯ আগস্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরেজমিনে পরিদর্শনে এসে জেলার তিনটি মহাসড়কের খানা-খন্দ মেরামত ও সংস্কারে সওজ প্রকৌশলীদের ১০ দিনের আল্টিমেটাম দেন। সেই আল্টিমেটাম ব্যর্থ হওয়ার আগেই সওজ অধিদফতর এবং সড়ক ও সেতুমন্ত্রণালয় থেকে সারাদেশের সঙ্গে সিরাজগঞ্জের মহাসড়ক মেরামতে ২৫ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফা আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী, নগরবাড়ি-হাটিকুমরুল-বগুড়া এবং হাটিকুমরুল-বনপাড়া-নাটোর মহাসড়কের মেরামত কাজের পর পর দুটি আল্টিমেটামই ব্যর্থ হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে সরেজমিনে গিয়ে মহাসড়কের বাস্তব অবস্থা দেখার পর সওজ প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে আলাপকালে অপরাগতার কথা স্বীকার করেন। ব্যর্থতার জন্য একমাত্র বৃষ্টির পাশাপাশি বৈরি আবহাওয়াকেই দায়ী করেছেন।
এ সময় সওজের দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, আমরা যথেষ্ট আন্তরিক থাকলেও গত কদিনের বৃষ্টির কারণে দুটি ডেডলাইনের মধ্যে আমরা মেরামত কাজ শেষ করতে পারেনি। তারপরও আমরা আশাবাদি আগামী ২৮ আগস্টের মধ্যে জেলার সবকটি মহাসড়কেই অস্থায়ীভাবে মেরামত কাজ শেষ করতে পারবো। এরই মধ্যে উর্ধ্বতনরাও সরেজমিনে এসে দেখে গেছেন।
সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মাজহারুল হায়দার শুক্রবার বিকালে বলেন, ‘সড়ক ও সেতু মন্ত্রী আমাদেরকে গত ৯ আগস্ট ১০দিনের আলিমেটাম দিলেও বৃষ্টির কারণে আমরা সেটি যথাযথ পালন করতে পারিনি এটা সত্য। কিন্তু বাস্তবতাতো মানতে হবে। বৃষ্টির কারণে আমরা নাজেহাল হয়ে পড়েছি। তারপরও আমরা যথেষ্ট আন্তরিক। হাটিকুমরুল মোড় থেকে চান্দাইকোনা পর্যন্ত মাত্র ১ কি.মি. নলকা সেতুর পশ্চিম পাড়ে কিছু অংশে কাজ বাকি আছে। উল্লাপাড়া সড়কে কাটিং কাজ চলছে, আগামী ৩ দিনের মধ্যে শেষ করা হবে।
রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু রওশন বলেন, ‘সবচেয়ে বেশি সমস্যা ছিল হাটিকুমরুল মোড়ে। সেখানে আর বর্তমানে কোন সমস্যা নেই। বৃষ্টির কারণে মেরামত কাজ বিলম্বিত হলেও রোদ থাকলে আগামী ২/৩ দিনের মধ্যে চলমান সংস্কার কাজ শেষ করা সম্ভব হবে। গত ৯ আগস্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে সড়ক ও সেতুমন্ত্রী সরেজমিনে পরিদর্শনে এসে জেলার তিনটি মহাসড়কের খানা-খন্দ মেরামত ও সংস্কার কাজে ৬ কোটি টাকা লোপাট ও নয়-ছয়ের অভিযোগে সওজ নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহার করেন। এ সময়ে সওজ পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান ও রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু রওশনকে শোকজ করেন।