অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বাগেরহাটে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) দণ্ডিত সিবিএ নেতা জসিম হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আলমগীর কবিরের সই করা এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়েছে।
জসিম হাওলাদার ওজোপাডিকোর বাগেরহাট কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সিবিএ এর সাধারণ সম্পাদক। জসিম বাগেরহাটের গোবরদিয়া ( খানজাহান পল্লি) এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে।
ওজোপাডিকোর বাগেরহাট জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ জানান, সিবিএ নেতা জসিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেওয়ায় চাকরিবিধি অনুযায়ী ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আলমগীর কবির তাকে সাময়িকভাবে বরখাস্ত করে চিঠি দিয়েছেন।
গত বৃহস্পতিবার বাগেরহাট শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে সিবিএ নেতা জসিমকে দেড় বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট নাজিম উদ্দিন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে জসিম হাওলাদার বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।