ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৮ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বাহাদুরপুরে এ ঘটনা ঘটে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বদরুল আলম তরফদার বলেন, ‘বেলা পৌনে তিনটার দিকে সায়রা ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ে। এতে এখনও পর্যন্ত ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের সবার অবস্থাই গুরুতর। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতের উদ্ধারে ছুটে আসেন। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও র্যাব সদস্যরা।