সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত গৃহবধূ হেলেনা আক্তার (২৭) মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় পুলিশ হেলেনার স্বামী মোমেন মিয়াকে আটক  করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বুধবার (৩০ আগস্ট) রাতে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার।

ওসি জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ আগস্ট রাতে হেলেনা আক্তারকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হেলেনা আক্তার মারা যান।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় স্বামী মোমেন মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, হেলেনা আক্তার আত্মহত্যা করার জন্য নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।