দিনাজপুরে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

দিনাজপুরের গোড়-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত

এবার দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোড়-এ শহীদ বড় ময়দানে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার এ নামাজে প্রায় ৩ লাখ মানুষ অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, ‘আনুমানিক ৩ লাখ মানুষ একসঙ্গে ঈদের জামাতে নিয়েছেন। কুরবানির ঈদের কারণে এ সংখ্যা কম হয়েছে।’ তবে আগামী দিনগুলোতে মানুষের সমাগম আরও বেশি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এই ঈদের জামাতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এনায়েতুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমসহ বিভিন্ন স্তরের মানুষ। দিনাজপুরের পার্শ্ববর্তী জেলার অনেক মানুষও এসেছিলেন এ জামাতে অংশ নিতে।

উল্লেখ্য, চলতি বছর প্রায় ২২ একর জমি নিয়ে দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে নির্মাণ করা হয়েছে ৫০ গম্বুজ বিশিষ্ট মিনার। গত ঈদুল ফিতরে প্রথমবারের মত ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল এ ময়দানে।