পটুয়াখালী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বাউফলে ঈদের দিন ধর্ষণের শিকার হওয়া তরুণীকে। বাউফল থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, `ডাক্তারি পরীক্ষা শেষে ওই তরুণীকে বাউফল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’
এ ব্যাপারে পটুয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিদ্ধার্থ শংকর রায় বলেন, ‘ধর্ষণের শিকার তরুণীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি।’
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে কবির শরীফ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া চার জনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করা হয়েছে। আসামিরা হচ্ছে: মৃত সামসুল হক শরীফের ছেলে কবির শরীফ (২৫), আতাহার গাজীর ছেলে জাফর গাজী (২৮), আবদুর রশিদ সরদারের ছেলে মিজান সরদার (২৬) ও হানিফ মীরের ছেলে সিদ্দিক (২২)। তাদের মধ্যে দুই জনের বাড়ি একই ইউনিয়নের আতশখালী ও অপর দুই জনের বাড়ি মহাশ্রাদ্ধি গ্রামে।
উল্লেখ্য, অসুস্থ মাকে (৬৬) দেখতে শুক্রবার পটুয়াখালী সদর হাসপাতালে যান ওই তরুণী। শনিবার সকালে হাসপাতাল থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দেন। পথে বাউফলের মিলঘর মহাশ্রদ্ধী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল তার গতিরোধ করে। পরে চার যুবক তাকে জোর করে পার্শ্ববতী একটি বাগানে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে।
এ সংক্রান্ত সংবাদ:
ঈদের দিনেও গণধর্ষণ, গ্রেফতার ১