রাবিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আসলাম হোসেন এ তথ্য জানান।
আবেদনের যোগ্যতা

২০১২ থেকে ২০১৫ সালে মাধ্যমিক/সমমান এবং ২০১৬ ও ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ পেতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০সহ মোট জিপিএ ৭ দশমিক ৫০ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

ইউনিটভিত্তিক আবেদন ফরমের মূল্য

পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদনের সঙ্গে ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) জন্য ৮২৫ টাকা, ‘বি’ ইউনিট (আইন অনুষদ) ৩৩০ টাকা, ‘সি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ৭১৫ টাকা, ‘ডি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) ৪৯৫ টাকা, ‘ই’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৭৭০, ‘এফ’ ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৬০৫ টাকা, ‘জি’ ইউনিট (কৃষি অনুষদ) ৪৪০ টাকা, ‘এইচ’ ইউনিট (প্রকৌশল অনুষদ) ৫৫০ টাকা, ‘আই’ (চারুকলা অনুষদ) ইউনিট ৩৮৫ টাকা, ‘জে’ ইউনিট (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ২৭৫ টাকা এবং ‘কে’ ইউনিটের জন্য (শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) সার্ভিস চার্জসহ ২৭৫ টাকা ডাচ-বাংলা মোবাইল (রকেট) ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আগামী ৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এছাড়া আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের এই http://admission.ru.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ২২ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।