শরীয়তপুরে সব রুটে বাস চলাচল বন্ধ

 

শরীয়তপুরতুচ্ছ ঘটনার জের ধরে শরীয়তপুরের সব রুটে সোমবার (২ অক্টোবর) বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সোমবার বিকাল সাড়ে ৫ টায় আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বিষয়টি নিশ্চিত করেন।

বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর পৌর বাস টার্মিনালে বাসের সিরিয়াল দেওয়া নিয়ে দুপুরে বাস মালিক সমিতির সদস্য নাসির ব্যাপারী ও শ্রমিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তালুকদারের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মালিক পক্ষের কার্যালয়ে ডেকে নিয়ে সুমন তালুকদারসহ কয়েকজন শ্রমিককে অপমান করা হয়। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা মালিক পক্ষের কার্যালয়ে হামলা চালান এবং বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শ্রমিকদের ছোঁড়া ঢিলের আঘাতে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির আহত হন।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী বলেন, ‘বাসের সিরিয়াল নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আমরা বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসেছিলাম। কিন্তু আলোচনা শেষ হওয়ার আগেই শ্রমিকেরা আমাদের ওপর হামলা চালায়, বাস ভাঙচুর শুরু করে।’

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, ‘বাস মালিকের সঙ্গে এক শ্রমিক নেতার তর্কের জের ধরে পুলিশ ও মালিক সমিতি মিলে শ্রমিকদের মারধর করেছে। এ কারণে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে হামলা ও বাস ভাঙচুরের ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’