সার্বিক উন্নয়নের স্বার্থে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও ১০ বছর সময় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রবিবার (২২ অক্টোবর) বিকালে নিজের নির্বাচনি এলাকা কাজীপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের শান্তি ও সার্বিক উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা জরুরি। এজন্য দেশের মানুষের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনায় আরও ১০ বছর সময় দেওয়া। দেশের সামগ্রিক উন্নয়ন, জঙ্গি দমন, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যার কোনও বিকল্প নেই।’
অন্য এক প্রশ্নের জবাবে সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।’
গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক সব দলকে আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে ১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগেরই বিজয় হবে।’
মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট নানা ষড়যন্ত্র-চক্রান্ত করবে। তারা ক্ষমতায় গেলে হাওয়া ভবন ও দুঃশাসনের বেড়াজালে পড়বে জনগণ। আর আওয়ামী লীগকে আবার ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। কারণ, আওয়ামী লীগ মানেই উন্নয়ন।’
রবিবার দুপুরে প্রথমে আমেনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান মোহাম্মদ নাসিম। এর পর তিনি নির্মাণাধীন পাঁচশ’ আসনবিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম, পানি উন্নয়ন বিভাগের নদীপারের তীর সংরক্ষণ প্রকল্পের নির্মাণ কাজ এবং চালিতাডাঙ্গায় প্রস্তাবিত ম্যাটস-এর নির্মাণ স্থান পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুলসহ অনেকে।