তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

ব্গুড়ায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

প্রথমে জেলা ছাত্রদলের উদ্যোগে দুপুরে বিক্ষোভ মিছিল বের হয় শহরে। পরে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, আহসানুল তৈয়ব জাকির, সহিদ-উন-নবী সালাম, রাফিউল ইসলাম রুবেল, জহুরুল ইসলাম ফুয়াদ, অধ্যক্ষ শাহীন, আনোয়ার হোসেন, নুরে আলম সিদ্দিকী, হারুনার রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করা যাবে না। ওই পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার টিকে থাকতে পারবে না।’ বক্তারা অবিলম্বে খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। নাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।