‘বিএনপিকে দমিয়ে রাখা যাবে না’

বরিশালে বিএনপির বিক্ষোভ

হামলা, মামলা ও গ্রেফতার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। বুধবার (২৫ অক্টোবর) বরিশাল নগরে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি একথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, ‘আওয়ামী লীগ ভোটার-শূন্য নির্বাচন করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। নিজেদের ক্ষমতায় রাখতে ও বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। কিন্তু হামলা, মামলা ও গ্রেফতার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। খালেদা জিয়াকে কোর্টের বারান্দায় রেখে এদেশে কোনও নির্বাচন হবে না।’

তিনি আরও বলেন, ‘এই সরকার ক্ষমতায় এসে দেশের মানুষের কথা চিন্তা না করে শুধু নিজেদের কথা চিন্তা করেছে। বর্তমানে রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ।’

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার ঘোষণা দিয়ে দলটির যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা ভোটের নির্বাচন চাই। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, সিনিয়র নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, ছাত্রদলের বরিশাল মহানগরের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন, যুবদল বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি পারভেজ আতন বিপ্লব ও শাহেদ আকন সম্রাট প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় একই একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, যুবদলের জেলা সভাপতি পারভেজ আকন বিপ্লব, মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তরিকুল ইসলাম দিপু, কোতয়ালী বিএনপির সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন প্রমুখ।

সমাবেশ শেষে মিছিল বের করার চেষ্টা করে জেলা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। তবে মিছিলটি প্রধান সড়কে যাওয়ার আগেই পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।