ডা. জালাল হোসেন বলেন, ‘রোগী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। অন্যদিকে অভিযুক্ত ডাক্তার শেখ হোসনে আরাকে শোকজ করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রবিবার রিপোর্ট জমা দেবে।’
কুমিল্লা জেলার দাউদকান্দির লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগীর পেটে সন্তান রেখেই অপারেশন সমাপ্ত করার অভিযোগ ওঠে ডা. শেখ হোসনে আরার বিরুদ্ধে। গত ১৮ সেপ্টেম্বর জেলার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের আউয়াল হোসেনের স্ত্রী খাদিজা আক্তারকে (২২) দাউদকান্দির গৌরীপুর লাইফ হসপিাটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন করা হয়। খাদিজার গর্ভে দুইটি সন্তান থাকলেও ডাক্তার শেখ হোসনে আরা অপারেশন করে একটি সন্তান বের করে অপরটি টিউমার বলে অপারেশন সমাপ্ত করেন। পরবর্তীতে খাদিজা বাড়িতে যাওয়ার পর দীর্ঘ এক মাস তার পেটে ব্যথা ছিল। এ নিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যান। পেটের ব্যাথা বাড়তে থাকলে খাদিজা আক্তার উন্নত চিকিৎসার জন্য ২৫ অক্টোবর বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। দ্বিতীয় অপারেশনের পর খাদিজার গর্ভের সন্তানটি মারা যায়।