কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মো. রায়হান ইসলাম নামে এক শিক্ষার্থীর মোবাইল ফোন আটকে রেখে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার (৭ নভেম্বর) কুবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে, তবে তা বৃহস্পতিবার জানাজানি হয়।
মো. রায়হান ইসলাম ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী। আর অভিযুক্ত দুই জন হলেন, কুবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও গোলাম দস্তগীর ফরহাদ।
গত ৫ নভেম্বর বিকালে সাইফুল ইসলাম, গোলাম দস্তগীর ফরহাদ, ছাত্রলীগকর্মী হাসান বিদ্যুৎ, রাফিউল আলম দীপ্তসহ আরও বেশ কয়েকজন রায়হানকে কাঠ দিয়ে বেধড়ক মারধর করেন। এসময় রায়হানের সঙ্গে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে মঙ্গলবার মোবাইল ফোন ফেরত চাইলে সাইফুল হাসান সাদী ও গোলাম দস্তগীর ফরহাদ পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন রায়হানের কাছে। পরে রায়হান চার হাজার টাকা দিলে সাইফুল হাসান সাদী ও গোলাম দস্তগীর ফরহাদ মোবাইল ফোন ফেরত দেন।
রায়হান জানান, টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তাকে। প্রয়োজনীয় অনেক নাম্বার থাকায় শেষমেশ দাবিকৃত চাঁদার টাকা দিয়ে মোবাইল ফোন নিতে বাধ্য হন তিনি।
তবে চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম দস্তগীর ফরহাদ এবং সাইফুল হাসান সাদী।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘চাঁদা আদায়ের ব্যাপারে আমি অবগত নই। যদি এটা করা হয়ে থাকে, তবে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’