বেনাপোলে আটক ভারতীয় ট্রাক ফেরত দেওয়ার দাবিতে আমদানি রফতানি বন্ধ

বেনাপোল স্থলবন্দর

বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে সব ধরণের আমাদানি-রফতানি বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটি বেনাপোল পোর্ট থানায় আটক ভারতীয় ট্রাক ফেরত না দেওয়া পর্যন্ত দুদেশের মধ্যে সব ধরনের আমাদানি-রফতানি বাণিজ্য রাখার সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, গত ৮ নভেম্বর (বুধবার) রাত সাড়ে ১০টায় বেনাপোল বন্দর টার্মিনালে একটি ভারতীয় ট্রাকে wb-২৩ c-০৩৭৩ নাম্বারে আগ্নেয়াস্ত্র রয়েছে। এই সংবাদের ভিত্তিতে কাস্টমস, বন্দর, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ট্রাকটিতে তল্লাশি চালায়। এসময় তারা ট্রাকের ডালার পেছনে কালো পলিথিনে মোড়ানো একটি পুরনো দেশীয় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড বন্দুকের গুলি পায়। এর আগেই ট্রাক চালক ও হেলপার পালিয়ে য়ায়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ ভারতীয় ট্রাকটি থানায় নিয়ে আসে।

পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, সমিতির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ পুলিশের হাতে আটক ভারতীয় ট্রাক ফেরত না দেওয়া পর্যন্ত দুদেশের মধ্যে সব ধরনের আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে । 

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবুল কালাম আজাদ দু-দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনও পূর্ব ঘোষণা ছাড়ায় ভারতীয় সিএন্ডএফ এজেন্ট এর কর্মচারীরা দু-দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন: গৌরীপুরে ইউএনও’র বাসভবনে বোমা নিক্ষেপ, ১৪৪ ধারা