বাবলার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দেওয়ায় রসিক নির্বাচনে অংশ নিতে মেয়র পদে কাওছার জামান বাবলার আইনগত আর কোনও বাধা নেই।
এছাড়াও ৫ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনও খারিজ করে দিয়েছেন বিভাগীয় কমিশনার। ফলে ৫ স্বতন্ত্র মেয়র প্রার্থী আর নির্বাচনে অংশ নিতে পারছেন না। তারা হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সুইটি আঞ্জুম, শাকিল রায়হান , মেহেদেী হাসান বনি, আব্দুল মজিদ বীর প্রতীক ও আব্দুর রউফ মানিক।
বাবলার আইনজীবী বদরুদ্দোজা বাদল জানান, গত ২২ নভেম্বর বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বাবলা মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীতা যাচাই-বাছাইয়ের সময় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঋনখেলাপি দাবি করে মনোনয়নপত্র বাতিলের দাবি জানায়। কিন্তু কোনও কাগজপত্র উপস্থাপন করতে না পারায় রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার ব্যাংকের আবেদন খারিজ করে দেন। পরে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে রংপুরের বিভাগীয় কমিশনারের কাছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে।