কে হচ্ছেন রসিক পিতা?

রসিক নির্বাচনে তিন মেয়র প্রার্থী (বাঁ থেকে) আওয়ামী লীগের ঝণ্টু, বিএনপির বাবলা ও জাতীয় পার্টির মোস্তফাকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় ভোট দেওয়া শেষে শুরু হয়েছে গণনা। আর কেন্দ্রগুলোর বাইরে ধীরে ধীরে বাড়ছে উৎসুক জনতার ভিড়।পছন্দের প্রার্থীর ভোটের অবস্থান জানতে পরস্পরের সঙ্গে আলাপচারিতায় জমে উঠছে ভোটকেন্দ্রের আশেপাশের চায়ের দোকান ও হোটেলগুলো।সবার আলোচনায় কমিশনার প্রার্থীরা থাকলেও মুখ্য আলোচনার বিষয় কে হচ্ছেন রংপুর শহরের অভিভাবক। কে হচ্ছেন রসিক পিতা?
নির্বাচনকালীন সময়ে মুখ না খুললেও ভোটের পরে তাদের আলাপচারিতায় আবারও মুখ্য হয়ে উঠেছেন সদ্য দায়িত্ব ছেড়ে নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তাদের সঙ্গে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলাও আছেন আলোচনায়। তবে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বিশ্বাস লড়াই হবে সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার।
এদিকে, নির্বাচন সুষ্ঠু হওয়ায় ভোটের পাটিগণিত মেলাচ্ছেন প্রধান তিন দলের নেতা-কর্মীরাও।এ নির্বাচন সুষ্ঠু হওয়ায় এবং ভোটের ফল গণনায় যদি কোনও সমস্যা না হয় তাহলে প্রধান বিরোধী দল বিএনপি এ নির্বাচনকে কোন দৃষ্টিতে দেখবে আলোচনায় উঠছে সেসব বিষয়ও।
ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনাএদিকে, ভোটের তিনদিন আগে থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরে অবস্থান করায় জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান ও তার অনুসারীরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। জাতীয় পার্টির ভোটারদের ভোটকেন্দ্রমুখো করতে এটি টনিক হিসেবেই কাজ করেছে বলে দাবি করেছে দলটির নেতাকর্মীরা। এদিকে, রংপুরে থেকে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার না চালালেও ভোট দেওয়ার পরে এরশাদ দাবি করেছেন, তার সমর্থিত প্রার্থী মোস্তফা এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।
এদিকে, বেগম রোকেয়া সরকারি কলেজে স্থাপিত একমাত্র ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এরই মধ্যে ভোটের ফল ঘোষণা করা হয়েছে। তাতে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৬৭৪ ভোট,আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৩৩৪ ভোট এবং বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ১১৭ ভোট। এখানে ৬১ দশমিক ৭২ শতাংশ ভোট পড়েছে।
এদিকে এ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের মন্তব্য, তাদের দল সরকারে থেকে রংপুর শহরের নানামুখী উন্নয়ন করায় নৌকার পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। কিন্তু এক মেয়াদ দায়িত্বে থাকায় সব ভোটারের মন জয় করার চ্যালেঞ্জ ছিল আওয়ামী লীগের প্রার্থী ঝন্টুর। এটি তাকে খানিকটা ভুগিয়েছেও।
আজ সকাল ৮টায় নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। শীতের হিমেল হাওয়া ও কুয়াশা থাকা সত্ত্বেও এদিন সকাল ৮টার মধ্যেই প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা যায়। ভোট দিতে গিয়ে বাধা পাওয়ার কোনও অভিযোগ বাংলা ট্রিবিউনের কাছে করেননি তারা।
ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজছেন ভোটাররাযদিও সকালে বিএনপির মেয়র প্রার্থী কায়সার জামান বাবলা ও পরে ঢাকা থেকে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কয়েকটি কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ আনেন। তবে কেন্দ্রগুলোর নাম জানাতে পারেননি তারা। এদিকে, বিএনপির এই অভিযোগ নাকচ করেছে নির্বাচন কমিশন।এদিকে,নির্বাচনের শেষ দিকে এসে ২২ ও ২৫ ওয়ার্ডে উত্তেজনার খবর পাওয়া গেছে।
এদিন সকাল ৯টার মধ্যেই নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কমিশনার প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোট দেন। তারা সবাই বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়েছে। কোথাও কোনও অনিয়ম হয়নি।
জয়ের ব্যাপারেও তারা আশাবাদ ব্যক্ত করেন। শহরের গুপ্তপাড়ার সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। ভোটের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জনগণ যে রায় দেবেন তা মাথা পেতে নেবো। সুষ্ঠুভাবে ভোট হলে আমি জয়ী হবো।’
ভোট দেওয়া শেষে বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কিনা সে ব্যাপারে তিনি শঙ্কাও প্রকাশ করেন। বাবলা অভিযোগ করেন, ‘কয়েকটি ভোটকেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ তবে কেন্দ্রগুলোর নাম জানাতে পারেননি তিনি। পরে একই অভিযোগে রাজধানীতে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় একজন কর্মীকে গ্রেফতারের কথাও জানান তিনি।
ভোট দিতে সারি বেঁধে দাঁড়িয়েছিলেন নারী ভোটাররাভোট দেওয়া শেষে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে। কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতির খবর পাইনি। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন।’
প্রায় একই সময় গুপ্তপাড়ায় সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন সিপিবি-বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস। তিনিও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে রংপুরের ভোটার হিসেবে নির্বাচনে ভোট দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোথাও কোনও অনিয়ম নেই।’
এ সময় সেখানে থাকা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন,‘ভোটকেন্দ্রে অনেক মানুষ আসছে। এখানে উৎসবমুখর পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এখন পর্যন্ত কোথাও কোনও অনিয়মের খবর আমরা পাইনি। কেউ ফোনে আমাদের এমন কোনও খবর জানায়নি।’
ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোটাররানির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতিও রয়েছে ব্যাপক। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, নির্বাচন উপলক্ষে রংপুরের সব ভোটকেন্দ্র ও শহরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।
এ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। রংপুর সিটি করপোরেশন হওয়ার পর এটি দ্বিতীয় এবং দলীয় প্রতীকে প্রথম ভোট। এবার এই নির্বাচনের একটি কেন্দ্র সরকারি বেগম রোকেয়া সরকারি কলেজে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর সাহায্যে ভোটগ্রহণ করা হয়।
২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। তবে এবারই প্রথম এই সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে।