দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভোগার পর শনিবার (৯ ডিসেম্বর) বিজয়ের মাসেই মারা গেলেন আব্দুল ওহাব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি সদর উপজেলার সুরাট গ্রামের মৃত আনার উদ্দীনের ছেলে। কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে আব্দুল ওহাব বিভিন্ন রণাঙ্গনে অংশ গ্রহণ করেন। তিনি ঝিনাইদহ জেলার বিষয়খালী সম্মুখ যুদ্ধেও অংশ নেন। পরবর্তীতে উচ্চ প্রশিক্ষণের জন্য ভারতের বনগাঁ মহকুমার চাঁপাবাড়ীয়া যুব শিবিরে ভর্তি হন এবং প্রশিক্ষণ নিয়ে আবারও দেশে ফিরে যুদ্ধে অংশ গ্রহণ করেন।
আব্দুল ওহাবের ছেলে ট্রাক ড্র্রাইভার জাহাঙ্গীর আলম পান্নু জানান, তার পিতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সরাসরি যুদ্ধ করেছেন। ১৯৭১ সালের ৩০ অক্টোবর ১৯৭১ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চাঁপাবাড়ীয়া ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেন। এজন্য চাঁপাবাড়ীয়া মুক্তিফৌজ ক্যাম্পের তৎকালীন ডিপুটি-ইন-চার্জ মিস্টার এ খালেক তাকে সার্টিফিকেটও দিয়েছেন। তার লাল মুক্তিবার্তা নম্বর-০৪০৯০২০০৯৮।
তিনি আরও জানান, তার বাবা ১৯৮৫ সাল থেকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য অনেকবার আবেদন করেন। কিন্তু গেজেটে তার নাম আসেনি। সর্বশেষ ২০১২ সালে যাচাই বাছাই তালিকায় তার নাম আসে।
এ ব্যাপারে কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দীন সর্দার জানান, আব্দুল ওহাব মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সরাসরি যুদ্ধে অংশ নেন। তার কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু এখনও মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম আসেনি।
আব্দুল ওহাবের জামুকা তালিকার ক্রমিক নম্বর-ডিজি ১১৩৯১৩৩। ‘ক’ শ্রেণির মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির আবেদনপত্রে তার পক্ষে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য হিসেবে উপজেলা কমান্ডার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি, মুবিনার প্রতিনিধি, জামুকার প্রতিনিধি, জেলা কমান্ডারের প্রতিনিধি, সদস্য সচিব (উপজেলা নির্বাহী অফিসার) ও সভাপতিসহ কমিটির সবাই সুপারিশ করেছেন। তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন বলে স্বাক্ষর করেছেন সবাই।
এছাড়া আব্দুল ওহাব মুক্তিযোদ্ধা ছিলেন বলে কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের পাঁচ সদস্য প্রত্যয়ন করেছেন। যারা প্রত্যয়ন করেছেন তারা হলেন- মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, আবুল হোসেন, আবুল হোসেন, রেজাউল করিম, মুক্তিযোদ্ধার কমান্ডার হেলাল উদ্দীন সর্দার ও রবিউল ইসলাম।